Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শক্তিশালী নিম্নচাপ আগামী সপ্তাহে, উপকূল এলাকায় পরোক্ষ প্রভাব

শক্তিশালী নিম্নচাপ আগামী সপ্তাহে, উপকূল এলাকায় পরোক্ষ প্রভাব
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর সরাসরি কোনও প্রভাব এরাজ্যে পড়বে না। মনে করছেন আবহাওয়াবিদরা। কারণ নিম্নচাপটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও সংলগ্ন এলাকার উপকূলের দিকে যাবে। তবে নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে পুবালি বাতাস প্রবেশ করে দক্ষিণবঙ্গের কিছু অংশে। তাতে জলীয় বাষ্পের মাত্রা বাড়তে পারে। উপকূল এলাকায় আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা থাকবে। আবহাওয়াবিদরা বলছেন, এই পরিস্থিতিতে উপকূল ও তার কাছকাছি এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা এইচ আর বিশ্বাস জানিয়েছেন, সম্ভাব্য নিম্নচাপটির দিকে নজর রাখা হচ্ছে। আগামী দিনে এটির গতি-প্রকৃতি আরও পরিষ্কার হলে দক্ষিণবঙ্গের উপর এর প্রভাবের বিষয়ে আরও নিশ্চিতভাবে বলা যাবে। নভেম্বর মাসে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ তৈরি হলে সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। তবে এটা থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কম বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ২৫ নভেম্বর নাগাদ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হবে বলে জানিয়েছে।
Advertisement
আবহাওয়াবিদরা জানিয়েছেন, রাজ্যের বড় অংশে যে শীতের ছোঁয়া লেগেছে সেটা আপাতত বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় ভোর ও রাতের দিকে হাল্কা শীত থাকবে। কলকাতাসহ সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা এখন ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আছে। উপকূল থেকে দূরের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কম। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৩ ডিগ্রিতে ঘোরাফেরা করছে। প্রায় সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম। 
সম্পর্কিত সংবাদ