Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শক্তিপুরে টোটো উল্টে মৃত্যু শিশুর, জখম ২

শক্তিপুরে টোটো উল্টে মৃত্যু শিশুর, জখম ২
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: বুধবার সকালে শক্তিপুর থানার রামপাড়া চৌরাস্তা মোড়ে ঘন কুয়াশার জেরে পথ দুর্ঘটনার বলি হল এক শিশুকন্যা। মৃত শিশুর নাম বর্ষা দাস(৩)। বাড়ি শক্তিপুর থানার সোমপাড়ায়। মায়ের সঙ্গে মামারবাড়ি যাওয়ার পথে টোটো উল্টে মৃত্যু হয় বছর তিনেকের ওই শিশুর। ঘটনায় আরও দুই শিশুর হাত ও পা ভেঙে গিয়েছে। তারা দু’জনেই হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার পর থেকে টোটো চালক পলাতক। শক্তিপুর থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে মায়ের সঙ্গে রেজিনগরের দাদপুরে মামার বাড়ি যাচ্ছিল বর্ষা। ওই টোটোয় আরও দুই শিশু ও এক মহিলা ছিলেন। মঙ্গলবার রাত থেকেই ঘন কুয়াশায় ঢেকে ছিল এলাকা। দৃশ্যমানতা খুবই কমে গিয়েছিল। টোটো চালক দেখতে না পাওয়ায় একটি লরিকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। গুরুতর জখম হয় টোটোয় থাকা তিন শিশু। মৃতার মা সহ অপর মহিলাও জখম হন। তিন শিশুকে উদ্ধার করে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়। বর্ষার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই বুধবার দুপুর ১টা নাগাদ বর্ষা দাসের মৃত্যু হয়। 
বর্ষার বাবা দীনবন্ধু দাস বলেন, মেয়েকে নিয়ে আমার স্ত্রী বাপের বাড়ি দাদপুর যাচ্ছিল। যাওয়ার পথেই টোটো উল্টে দুর্ঘটনা ঘটেছে। মেয়ে টোটোর তলায় চাপা পড়ে গিয়েছিল। ওর মাসি মুক্তি হাজরা বলেন, দুর্ঘটনার পর টোটো চালক সকলকে ফেলে রেখেই পালায়। টোটো চালকের শাস্তি হওয়া দরকার। শিশু মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পর্কিত সংবাদ