নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: শক্তিপুরের কামনগরে পুলিসের গাড়ির সঙ্গে মোটরবাইকের দুর্ঘটনায় দুজন জখম হয়েছেন। কামনগরের মজলিশপুর গ্রামে রাস্তার ধারে বেপরোয়াভাবে বাইক চালিয়ে দুই যুবক যাচ্ছিল। উল্টোদিক থেকে আসা পুলিসের গাড়ির সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক আরোহী মনজুর শেখ নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সঙ্গে সঙ্গে পুলিসের গাড়িতে করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম অপরজনও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। পুলিস জানিয়েছে, বেপরোয়া গতিতে কেন বাইকে ওই দুই যুবক আসছিল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে আটক করা হয়েছে।



