Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শক্তিগড়ের কাছে পাটনার ব্যবসায়ীর দেহ উদ্ধারে রহস্য

শক্তিগড়ের কাছে পাটনার ব্যবসায়ীর দেহ উদ্ধারে রহস্য
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বধর্মান: শক্তিগড়ের কাছে রেললাইনের ধার থেকে বিহারের পাটনার এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। পিন্টু কুমার(৩৮) নামে ওই ব্যবসায়ীর মাথার পিছনের দিকে আঘাত রয়েছে। পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। তিনি কর্মসূত্রে দেড় মাস ধরে কলকাতায় ছিলেন। হামেশাই তাঁকে কাজের জন্য কলকাতায় অসতে হতো। কিন্তু এবারে আসার পর দেড় মাস বাড়ি ফেরেননি। কাজ শেষ করে কিছুদিন পর তাঁর বাড়ি যাওয়ার কথা ছিল। কলকাতায় অনেকের সঙ্গেই তাঁর ব্যবসায়িক সম্পর্ক ছিল। পাটনায় প্রমোটিং সহ তাঁর বিভিন্ন ধরণের ব্যবসা ছিল। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তিনি ব্যবসা করতেন। 
Advertisement
মৃতের আত্মীয় রোহিত সিং বলেন, তিনদিন আগে রেললাইনের ধারে মৃতদেহ উদ্ধার হয়েছিল। পুলিস ফোন করে ঘটনাটি জানায়। মাথায় আঘাত দেখে আমাদের ধারণা তাঁকে খুন করা হয়েছে। মাথার পিছনের দিকে ভারী কোনও কিছু দিয়ে আঘাত করা হতে পারে। সোমবার মৃতদেহ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়। দু’-একদিনের মধ্যে থানায় খুনের অভিযোগ করা হবে। তিনি বেশ কিছুদিন ধরে কলকাতায় ছিলেন।  কীভাবে শক্তিগড়ের কাছে মৃতদেহ পাওয়া গেল সেটাও বোঝা যাচ্ছে না। পুলিস জানিয়েছে, আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। অভিযোগ হলে ঘটনা তদন্ত করে দেখা হবে। প্রথমদিন মৃতের পরিচয় জানা যায়নি। পকেটে থাকা একটি কাগজে বাড়ির ফোন নম্বর লেখা ছিল। সেটা ধরেই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি জমি কেনাবেচার কাজও করতেন। এছাড়া তাঁদের আরও কয়েকটি ব্যবসা রয়েছে। খুন, আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই পরিষ্কার হবে বলে পুলিস মনে করছে। ট্রেনের কামরা থেকে তিনি পড়ে যেতে পারেন। সেই সম্ভাবনাও জোরালো হচ্ছে বলে তদন্তকারীরা মনে করছে। যদিও পরিবারের লোকজন তা মানছেন না। মৃতের আত্মীয় রোহিত সিং বলেন, ঘটনার পর পরিবারের লোকজন ভেঙে পড়েছে। এদিন তারা অভিযোগ করার মতো পরিস্থিতিতে ছিল না। কয়েকদিনের মধ্যেই থানায় খুনের অভিযোগ করা হবে। বাড়ির সকলেরই দৃঢ় ধারণা, তাঁকে খুন করা হয়েছে। ট্রেন থেকে পড়ে গেলে শরীরের বিভিন্ন জায়গা ভেঙে যেত। কিন্তু শুধু তাঁর মাথাতেই বেশি চোট রয়েছে।
সম্পর্কিত সংবাদ