Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শক্তিগড়ে শ্যুট আউট, আতঙ্ক

শক্তিগড়ে শ্যুট আউট, আতঙ্ক
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বুধবার রাতে শক্তিগড়ের আমড়ার কাছে শ্যুট আউটের  ঘটনায় আতঙ্ক ছড়ায়। পাঁচ দুষ্কৃতী পিক আপ ভ্যানে চড়ে পালানোর সময় দু’ রাউন্ড গুলি চালায় বলে স্থানীয়দের দাবি। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে  হীরাগাছিতে পাঁচজন  বাড়ি ভাড়া নেওয়ার জন্য আসে। তারা নিজেদের ট্রাক চালক পরিচয় দেয়। তাদের দেখে এলাকার বাসিন্দাদের সন্দেহ হওয়ায় স্থানীয় সিভিক ভলান্টিয়ারকে খবর দেয়। তিনি এসে ওই পাঁচজনের পরিচয়পত্র দেখতে চান। সেই সময় তারা পিক আপ ভ্যানে চড়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা তাদের ধাওয়া করতে শুরু করে। তার মধ্যে পুলিসও চলে আসে। আমড়া রেলগেট পড়ে যাওয়ায় তাদের পিক আপ ভ্যান আটকে যায়। তখনই তারা দু’ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা  ছত্রভঙ্গ হয়ে গেলে তারা সেখান থেকে চম্পট দেয়। গঞ্জরোডের কাছে পুলিস তাদের গাড়ি আটকানোর চেষ্টা করে। সেই সময় তারা কালনা রোড ধরে পালিয়ে যায়। এদিন রাত পর্যন্ত পুলিস তাদের সন্ধান পায়নি।  প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, এলাকায় কোনও অপরাধ করার জন্যই তারা এসেছিল। স্থানীয়দের তৎপরতায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়। জেলা পুলিসের এক আধিকারিক বলেন, সমস্ত থানাকেই সতর্ক করা হয়েছে। সব জায়গায় নাকা চেকিং চলছে।  পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, কয়েক মাস আগে  কালনাতেও বহিরাগত দুষ্কৃতীরা এসে গুলি চালিয়ে চম্পট দিয়েছিল। জেলা পুলিসের আ এক আধিকারিক বলেন, লাগাতার প্রচারে সাফল্য পাওয়া গিয়েছে। বহিরাগত কেউ বাড়ি ভাড়া নিতে এলে স্থানীয় থানায় জানানোর জন্য এলাকার বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছিল। সেই মতো স্থানীয়রা এদিন বিষয়টি থানায় জানায়। সময়মতো পুলিস না এলে বড় ধরনের অঘটন ঘটতে পারত বলে আধিকারিকদের দাবি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ