Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শক্তিগড়ে ডাম্পারের ধাক্কায় যুবকের মৃত্যু আন্ডারপাসের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

শক্তিগড়ে ডাম্পারের ধাক্কায় যুবকের মৃত্যু আন্ডারপাসের দাবিতে জাতীয় সড়ক অবরোধ
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: শক্তিগড় থানার আমড়ায় ডাম্পারের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম দীনেশকুমার দাস (২৯)। শনিবার দুপুরে আমড়ায় জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি ডাম্পার তাঁকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে শক্তিগড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। রাতেই তিনি মারা যান। এদিকে, একই জায়গায় বার বার দুর্ঘটনা ঘটায় আন্ডারপাস তৈরির দাবি জানিয়েছিলেন বাসিন্দারা। কিন্তু, সেই দাবি পূরণ হয়নি। শনিবার ফের দুর্ঘটনায় যুবকের মৃত্যুর পর আমড়া মোড়ে আন্ডারপাসের দাবিতে রবিবার অবরোধ করেন বাসিন্দারা। অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে। পরে পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। 
Advertisement
বর্ধমানে অগ্নিদগ্ধ হয়ে মহিলার মৃত্যু: বর্ধমান শহরের শাঁখারিপুকুরে অগ্নিদগ্ধ হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম রিঙ্কু চক্রবর্তী(৪০)। রবিবার সকালে বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ভর্তির ঘণ্টাখানেক পর তিনি মারা যান। গ্যাসে চা করার সময় তিনি পুড়ে যান বলে পরিবারের দাবি। 
বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার: শক্তিগড় থানার রামনগরে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে বাড়ির বাইরে পেয়রা গাছে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি দড়ি কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম মনসা মণ্ডল(৭৩)। রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। 
কীটনাশক খেয়ে মৃত্যু: মঙ্গলকোট থানার শীতলগ্রামে কীটনাশক খেয়ে এক বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম সমীর মুখোপাধ্যায়(৬৫)। তিনি ধূপ ব্যবসায়ী ছিলেন। শনিবার দুপুরে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। রবিবার ভোরে তিনি মারা যান। পরিবারের দাবি, তাঁর ব্যবসায় মন্দা চলছিল। এনিয়ে মানসিকভাবে তিনি ভেঙে পড়েন। মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন। 
পথ দুর্ঘটনায় মৃত্যু: গলসি থানার উড়োচটিতে লরির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম বীরেন্দ্রনাথ কুণ্ডু(৭৫)। গলসি থানারই খানোয় তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে উড়োচটি পেট্রল পাম্পের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় একটি লরি তাঁকে ধাক্কা মারে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 
খণ্ডঘোষে বাইক থেকে পড়ে মৃত্যু: খণ্ডঘোষ থানার পলাশডাঙায় বাইক থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম শেখ নুর আলম(৪৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে রাস্তার মোড়ে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 
কেতুগ্রামে গাড়ির ধাক্কায় মৃত্যু: কেতুগ্রাম থানার চড়কিতে গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম মিলন শেখ(৪২)। শনিবার বিকেলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালায়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মাটির চাপা পড়ে মৃত্যু: ভাতার থানার ওড়গ্রামে মাটির ধসে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম রতন ক্ষেত্রপাল(৩৮)। কালনা থানার সহজপুরে তাঁর বাড়ি। 
সম্পর্কিত সংবাদ