নিজস্ব প্রতিনিধি, তমলুক: দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেলেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক, লেখক ও ক্যুইজ মাস্টার মৌসম মজুমদার(৪৮)। বুধবার সকালে তমলুক শহরে একটি নার্সিংহোমে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। দু’বছর ধরে তিনি দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তমলুক ব্লকের বহিচাড় বিপিন শিক্ষা নিকেতনের ভূগোলের শিক্ষক মৌসমবাবু অসংখ্য বইয়ের লেখক। শিক্ষকতার পাশাপাশি বহুমুখী প্রতিভাসম্পন্ন মৌসমবাবু নানা সামাজিক কর্মকাণ্ডের মধ্যে নিজেকে যুক্ত রাখতেন। তিনি অন্যতম সংগ্রাহকও। তাঁর কাছে রয়েছে ৫৫০জন সেলিব্রিটির অটোগ্রাফ। ১৩১টি দেশের মুদ্রা, ১০০টি দেশের প্রায় আড়াই হাজার ডাক টিকিট। একাধিক সংগঠনের সঙ্গেও তিনি জড়িত ছিলেন। এদিন দুপুরে তাঁর মরদেহ স্কুলে নিয়ে যাওয়া হয়। প্রিয় শিক্ষককে হারিয়ে অনেক পড়ুয়া কান্নায় ভেঙে পড়েন। সেখান থেকে শহিদ মাতঙ্গিনী ব্লকে আস্তাড়ায় তাঁর বাসভবনে দেহ নিয়ে যাওয়া হয়। তারপর তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর দেহ দান করা হয়। পূর্ব মেদিনীপুরের কৃতী সন্তানকে শেষশ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষ হাসপাতালে উপস্থিত ছিলেন।



