সংবাদদাতা, মালদহ: কখনও নিজের বেতনের অর্থে স্কুলের পড়ুয়াদের কিনে দিয়েছেন ড্রামব্যান্ড সেট, আবার বিদ্যালয়ের স্বার্থে নিজের উপার্জনে উপহার দিয়েছেন সাউন্ড সিস্টেম। এমনই এক ব্যতিক্রমী বিদ্যালয় শিক্ষিকার অবসর গ্রহণের দিন বিষণ্ণ কালিয়াচক-২ ব্লকের পঞ্চানন্দপুর এলাকার সুকিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও পড়ুয়ারা। দীর্ঘ প্রায় ৩৫ বছর শিক্ষকতার পর শনিবার অবসর গ্রহণ করেন ওই বিদ্যালয়ের শিক্ষিকা দোলনচাঁপা ঘোষ। তাঁর সম্মানে আয়োজিত হয় এক বিদায়সভা। পড়ুয়া সুপর্ণা চৌধুরী, আরমিন রেজা, দেবজ্যোতি মণ্ডলদের কথায়, খুব যত্ন নিয়ে পড়াতেন দিদিমণি। পড়াশোনার বাইরে বিভিন্ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য তিনি সবসময় পরামর্শ দিতেন। তিনি আর স্কুলে আসবেন না ভেবে আমাদের সবার খুব মন খারাপ।
Advertisement
প্রধান শিক্ষক কামাল মোস্তাফা বলেন, শিক্ষক বা শিক্ষিকার আসল পরিচয় তাঁদের মানসিকতায়। বিদায়ী শিক্ষিকা দোলনচাঁপাদি সেক্ষেত্রে অনন্য। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ১৯৮৯ সালে সুকিয়া বিদ্যালয়ে যোগ দেন ওই শিক্ষিকা। তখন রাস্তাঘাটের অবস্থা ছিল বেহাল। পড়ুয়াদের টানে হেঁটে প্রায় তিন কিলোমিটার দূরের স্কুলে যেতেন নিয়মিত। পরে যুক্ত হয় সাইকেল। পড়ুয়াদের জন্য কয়েক বছর আগে তিনি বেতনের টাকায় কেনেন একটি ড্রামব্যান্ড সেট। অবসর গ্রহণের কয়েক দিন আগে ৬০ হাজার টাকা খরচ করে স্কুলের জন্য কিনে দিয়েছেন সাউন্ড সিস্টেমও। তবে বিষয়টি নিয়ে কখনই প্রচার চাননি দোলনচাঁপা দিদিমণি। তাঁর একটাই বক্তব্য, ছাত্রছাত্রীদের পড়িয়েই উপার্জন করেছি। তাই তাদের প্রতি দায়বদ্ধতা আছে।



