সংবাদদাতা, কালনা: শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাওয়া কালনা শ্বাসপুর রামকৃষ্ণপল্লি শিশু শিক্ষাকেন্দ্র খোলার উদ্যোগ নিল প্রশাসন। সোমবার এলাকার ছাত্রছাত্রীদের অভিভাবকরা কালনা-২ বিডিওর সঙ্গে দেখা করে তাঁদের সন্তানদের ভবিয্যৎ পঠনপাঠন নিয়ে অভিযোগ জানাতে হাজির হন। অভিভাবকদের সঙ্গে আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে স্কুল খোলা হবে বলে জানিয়ে দেওয়া হয়। প্রশাসনের আশ্বাসে খুশি ছাত্রছাত্রী ও অভিভাবকরা। কালনা শহর সংলগ্ন সাতগাছিয়া পঞ্চায়েতের শ্বাসপুর রামকৃষ্ণপল্লিতে ২০০১ সালে গড়ে ওঠে শ্বাসপুর রামকৃষ্ণপল্লি শিশু শিক্ষা কেন্দ্র। এলাকার বাসিন্দারা অধিকাংশ দিনমজুর পরিবারের। সুন্দর পরিবেশে বিদ্যুৎ সহ পর্যাপ্ত শ্রেণিকক্ষ সহ সোলারের মাধ্যমে রয়েছে সাবমার্সিবলের পানীয় জল পরিষেবা। বিদ্যালয়ে একজন মাত্র শিক্ষিকা ও জনা কুড়ি পড়ুয়া নিয়ে চলছিল বিদ্যালয়। শুক্রবার একমাত্র শিক্ষিকা শোভা সাহা অবসর নিতেই স্কুল বন্ধ হয়ে যায়। স্কুল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন ছাত্রছাত্রীরা। ক্ষোভ শুরু হয় অভিভাবকদের মধ্যে। সোমবার পড়ুয়া ও অভিভাবকরা হাজির হন কালনা-২ বিডিওর কাছে। স্কুল চালুর দাবিতে ছাত্রছাত্রী ও অভিভাবকরা বিডিও অফিসের বাইরে বিক্ষোভ দেখান। বিডিও পড়ুয়া ও অভিভাবকদের ডেকে ঘরে বসিয়ে তাঁদের অভিযোগের কথা শোনেন। এরপরই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্কুল খোলার আশ্বাস দেন। এক অভিভাবক বিভূতি বাইন বলেন, স্কুলটি বন্ধ হয়ে গেলে সন্তানদের পড়াশুনা নিয়ে সমস্যায় পড়তে হবে। আমরা দিনমজুরের কাজ করি। একদিন কাজ না করলে সংসার চলে না। সন্তানদের অন্য স্কুলে ভর্তি করলে আনা-নেওয়ার সমস্যা। গ্রামের মধ্যে স্কুলটি সকলের পছন্দের।



