নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ না হওয়ায় বাজেট নিয়ে ক্ষোভ প্রকাশ করল শিক্ষক সংগঠনগুলি। তাদের বক্তব্য, জিডিপির ৬ শতাংশের হিসেবে বাজেট হওয়ার কথা ১২.৬ লক্ষ কোটি টাকার। অথচ বরাদ্দ হয়েছে মাত্র ১.২৮ লক্ষ কোটি টাকা। গত বছরের তুলনায় বাজেট বেড়েছে মাত্র ৫০০০ কোটি টাকা। মিড ডে মিলের বরাদ্দও গত বছরের ১২,৪৬৭ কোটি টাকা থেকে মাত্র ৩৩ কোটি টাকা বেড়েছে। মূল্যবৃদ্ধির বাজারে এই বৃদ্ধিকে নগণ্য হিসেবেই দেখছে শিক্ষামহল। তার উপরে রয়েছে বাজেট সংশোধনীর আশঙ্কা। গত বছরের প্রাথমিক শিক্ষা বাজেট থেকে ১১ হাজার কোটি টাকা ছেঁটে দেওয়া হয়েছিল। মিড ডে মিলেও এর আগে আড়াই হাজার কোটি টাকারও বেশি বাজেট ছাঁটাই হয়েছিল। এবারও তেমন কিছু হয় কি না, সেই আশঙ্কা করছেন শিক্ষকরা।



