Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিক্ষা দিল ট্যাব, সরকারি দপ্তরে সাইবার হানা রুখতে জেলায় জেলায় টিম গঠন

শিক্ষা দিল ট্যাব, সরকারি দপ্তরে সাইবার হানা রুখতে জেলায় জেলায় টিম গঠন
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ট্যাব কেলেঙ্কারি থেকে শিক্ষা। সাইবার সচেতনতা এবার শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, সরকারি দপ্তরগুলিও অন্তর্ভুক্ত হচ্ছে এই কর্মসূচির। 
Advertisement
সরকারি ওয়েবসাইট ও কম্পিউটারে সা‌‌ইবার হানা ঠেকাতে জেলায় জেলায় গঠিত হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স টিম। ২৮ নভেম্বর রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা সেই নির্দেশ দিয়েছেন। টিমে থাকবে সাইবার থানার পুলিস আধিকারিকরাও। জেলায় জেলায় গঠিত এই টিম নিবিড় সমন্বয় রেখে চলবে  ওয়েস্ট বেঙ্গল সাইবার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিমের সঙ্গে। কোনও ঘটনা ঘটলেই দ্রুত তা রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের নজরে আনার কথা বলা হয়েছে। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন প্রতিটি প্রশাসনিক অফিসে সাইবার অডিট করার ভাবনা নিয়েছে। যাতে কোনওভাবেই সরকারি নথি প্রতারকদের হাতে না পৌঁছয়।  পশ্চিম বর্ধমানের ডিপিআরডিও অনিমেষকান্তি মান্না বলেন, আমাদের জেলায় ইনসিডেন্ট রেসপন্স টিম গঠন করা হয়েছে। সাইবার হানা ঠেকানো এবং হানা হলে দ্রুত রাজ্য প্রশাসনের নজরে এনে পদক্ষেপ নেবে এই টিম। 
রাজ্যজুড়ে ট্যাব-কাণ্ড প্রশাসনের সাইবার নিরাপত্তার ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরের ব্যবহার করা পোর্টাল সেকেলের।  নামমাত্র সাইবার সিকিউরিটি নিয়ে কাজ চলে। বহু সরকারি কম্পিউটারে অ্যান্টি ভাইরাসও নেই। অনেকক্ষেত্রেই সরকারি পোর্টালের লগ-ইন আইডি থাকে একাধিক কর্মীদের কাছে। ট্যাবের টাকা হাতিয়ে নেওয়ার পর এইসব ফাঁকফোকর উঠে আসছে। অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলি মেরামত করা  অত্যন্ত জরুরি মনে করছেন প্রশাসনের শীর্ষকর্তারা। কেননা, তাঁদের উৎকণ্ঠা অন্য জায়গায়। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে উপভোক্তা পড়ুয়া ট্যাব কেনা বাবদ পায় মাত্র ১০ হাজার টাকা। কিন্তু অন্যান্য বহু প্রকল্পে সরকারি অনুদান এর চেয়ে ঢের বেশি। উপভোক্তার সংখ্যাও অনেক বেশি। সেক্ষেত্রেও এই ঘটনা ঘটলে সরকারের সামাল দেওয়া মুশকিল। তাই, আগেভাগে সতর্ক রাজ্য প্রশাসন। সেই কারণেই জেলায় জেলায় ইনসিডেন্ট রেসপন্স টিম গঠন করার নির্দেশ দিয়েছেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। টিমে থাকবেন সংশ্লিষ্ট জেলার সাইবার থানার দ্বিতীয় অফিসার, একজন এএসআই ও দু‌’঩জন কনস্টেবল। যাতে সরকারি ক্ষেত্রে সাইবার হানা হলেই দ্রুত তদন্ত শুরু করতে পারেন। এনআইসির একজন বিজ্ঞানী একজন টেকনিক্যাল অফিসার, দু’জন নেটওয়ার্ক সার্পোট সিস্টেম স্টাফ থাকবে। তাঁরা প্রতিনিয়ত যোগাযোগ রাখবে রাজ্য টিমের সঙ্গে। পশ্চিম বর্ধমান জেলায় সেই টিম কাজ শুরু করে দিয়েছে। 
জেলার দ্বিতীয় লক্ষ্য সাইবার অডিট। সেক্ষেত্রে প্রতিটি দপ্তরের প্রতিটি কম্পিউটার প্রশাসনিক নজরে আসতে চলেছে। কোনও কম্পিউটার থেকে তথ্য পাচার হওয়ার সম্ভাবনা থাকছে, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি আধিকারিকদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে, নিজেদের লগ-ইন আইডি, পাসওয়ার্ড কাউকেই দেওয়া যাবে না। 
সম্পর্কিত সংবাদ