Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিক্ষা বিভাগের পূর্ব সার্কেলে স্থায়ী এসআই নেই পাঁচমাস, বন্ধ স্কুল পরিদর্শন

শিক্ষা বিভাগের পূর্ব সার্কেলে স্থায়ী এসআই নেই পাঁচমাস, বন্ধ স্কুল পরিদর্শন
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: শীতলকুচি পূর্ব সার্কেল অফিসে স্থায়ী অবর বিদ্যালয় পরিদর্শকের দাবি উঠেছে। পাঁচ মাসের বেশি সময় ধরে শীতলকুচি পূর্ব সার্কেলে স্থায়ী এসআই নেই। পদোন্নতি হয়ে শীতলকুচি পূর্ব সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক শুভদীপ সরকার অন্যত্র চলে গিয়েছেন। বর্তমানে সংশ্লিষ্ট সার্কেলের দায়িত্ব সামলাচ্ছেন শীতলকুচি সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক অমিত সরকার। 
Advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, স্থায়ী এসআই না থাকায় স্কুলগুলিতে নিয়মিত পরিদর্শন হচ্ছে না। ফলে মিড ডে মিল সহ বিভিন্ন বিষয়ে নজরদারিতে ঘাটতি দেখা যাচ্ছে।  শীতলকুচি সার্কেলে ৬২টি প্রাথমিক বিদ্যালয় এবং ১৫টি জুনিয়র ও হাইস্কুল রয়েছে। পাশাপশি শীতলকুচি পূর্ব সার্কেলে ৬৫টি প্রাথমিক বিদ্যালয় এবং ১১টি জুনিয়র ও হাইস্কুল আছে। শিক্ষকরা জানিয়েছেন, দু’টি সার্কেলের দায়িত্বে থাকায় এসআই বেশি সময় দিতে পারছেন না। 
কোচবিহারের ডিপিএসসি চেয়ারম্যান রজত বর্মা অবশ্য জানান, স্থায়ী এসআই চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির শীতলকুচি পূর্ব সার্কেলের সম্পাদক আবদুর সাত্তার মিয়াঁ বলেন, নিয়মিত স্কুল পরিদর্শনের মধ্য দিয়েই শিক্ষকের উপস্থিতি ও পঠনপাঠনের মানোন্নয়ন সম্ভব বলে মনে করি। এ কারণেই স্থায়ী পরিদর্শকের খুবই প্রয়োজন। এটা আমাদের সংগঠন ও শিক্ষকদেরও দাবি। কারণ স্থায়ী পরিদর্শক ছাড়া নিয়মিত বিদ্যালয় পরির্দশন সম্ভব হয় না। পাশাপশি গ্রুপ-ডি ও ক্লার্ক পদেও কর্মী নিয়োগের দাবি আমরা বিভিন্ন সময়ে উপর মহলে জানিয়েছি। 
একই বক্তব্য প্রাথমিক শিক্ষক তথা তৃণমূল কংগ্রেস নেতা শ্রীবাস বর্মনেরও। তিনি জানান, দু’টি সার্কেলে শতাধিক স্কুল রয়েছে। একজনের পক্ষে নিয়মিত ভিজিটে অসুবিধা হওয়াটা স্বাভাবিক। যদিও বিষয়টি নিয়ে বেশিকিছু বলতে চাননি শীতলকুচি পূর্ব সার্কেলের ইনচার্জ অমিত সরকার। তিনি শুধু বলেন, সবকিছু শিক্ষাদপ্তরের নজরে রয়েছে। 
সম্পর্কিত সংবাদ