Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শূকরের হামলায় আহত ছাত্র

শূকরের হামলায় আহত ছাত্র
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানিকচক: আমবাগানে ফুটবল খেলতে গিয়ে বুনো শূকরের আক্রমণে আহত সপ্তম শ্রেণির ছাত্র সহ তিনজন। ঘটনাটি ঘটেছে মানিকচকের এনায়েতপুর পঞ্চায়েতের মোহনা গ্রামে। আহত মহম্মদ ইয়াসিন (১৪) হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও কাটেনি আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ইয়াসিন। শনিবার বাড়ির পাশে আমবাগানে গ্রামের অন্যদের সঙ্গে ফুটবল খেলছিল। হঠাৎ একটি শূকর তাদের উপর হামলা করে। ইয়াসিনের বুকের উপরে চেপে নখের আঁচড় দিতে থাকে শূকরটি। নাবালকদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে শূকরটি তাড়ান। আহতকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরিস্থিতি দেখে মালদহ মেডিক্যালে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দা শেখ খালিদ বলেন, স্থানীয়রা না গেলে প্রাণ সংশয় হতে পারত। এতদিন বুনো শূকর চাষের জমির ক্ষতি করত। এখন ঘনবসতিপূর্ণ এলাকায় চলে আসায় আমরা আতঙ্কিত। ইয়াসিনের মা রুবি বিবির মন্তব্য, কয়েকবার চাষের জমিতে শূকরের হামলার ঘটনা ঘটেছে। তবে বসতি এলাকায় এবারই প্রথম। সেদিনের ঘটনায় আমার ছেলের মোট ১৭ টি সেলাই পড়েছে। ভয়ে ঠিকভাবে কথা বলছে না। মালদহ বনদপ্তরের আধিকারিক জানান, তাঁদের কাছে এরকম কোনও খবর নেই। তবে খোঁজ নিয়ে দেখা হবে বুনো শূকর নাকি অন্য প্রাণী হামলা করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ