Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সহকর্মীর মৃত্যুতে এবার সরব বালুরঘাট হাসপাতালের নার্সরা

সহকর্মীর মৃত্যুতে এবার সরব বালুরঘাট হাসপাতালের নার্সরা
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট জেলা হাসপাতালের এক নার্সের জ্বরে মৃত্যু নিয়ে আগেই সরব হয়েছিল পরিবার। এবার সরব হলেন ওই হাসপাতালেরই নার্সরা। সহকর্মীর মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়লেন নার্সরা। সোমবার বালুরঘাট জেলা হাসপাতালের সুপারকে ঘিরে তাঁরা বিক্ষোভ দেখান। নার্সদের অভিযোগ, সঠিক সময়ে সিসিইউ বেড দেওয়া হয়নি ওই অসুস্থ নার্সকে। এমনকী নার্সদের পর্যাপ্ত সুবিধাও দেওয়া হয় না। তাই নার্সদের জন্য সিসিইউ বেড মজুত রাখার দাবি জানানো হয়েছে। হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে সাধারণ মানুষ ও রোগীদের অভিযোগের অন্ত নেই। এবার খোদ জেলা হাসপাতালের নার্সদের এমন অভিযোগের পর শোরগোল পড়েছে। 
Advertisement
সোমবার বিক্ষোভরত নার্স সোমা সাহা ও কাকলি সরকাররা বলেন, আমাদের সহকর্মীকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন সিসিইউতে বেড ছিল। কিন্তু তারপরও তাঁকে সিসিইউতে পাঠানো হয়নি। হয়ত সিসিইউতে ভর্তি হলে তিনি বেঁচে যেতেন। নেতা-মন্ত্রী থেকে আধিকারিকদের বাড়ির কাজের লোকের জন্য সিসিইউতে বেড সংরক্ষিত থাকে। আমরা হাসপাতালে স্টাফ। আমাদের জন্য কেন বেড থাকবে না? হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, আমাদের হাসপাতালের নার্সের মৃত্যু হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।  সিসিইউ খালি না থাকায় ওই নার্সকে সিসিইউতে ভর্তি করতে একটু দেরি হয়। তবে চিকিৎসায় গাফিলতির যে অভিযোগ উঠেছে তা সঠিক কি না তা খতিয়ে দেখা হবে। 
হাসপাতাল সূত্রে খবর, মৃত ওই নার্সের নাম ছন্দা বর্মন (২৬)। বাড়ি বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর পঞ্চায়েতের আলিপুরে। তিনি বালুরঘাট হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সিসিইউতে তিনি ভর্তি ছিলেন। রবিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, ওই নার্সের গ্রামে বেশ কিছুদিন আগে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল। তাই ডেঙ্গুতে মৃত্যু কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ওই নার্সের মৃত্যুর পরেই পরিবারের তরফে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়।
সম্পর্কিত সংবাদ