Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শোকজ চার সার ব্যবসায়ীকে

শোকজ চার সার ব্যবসায়ীকে
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: রবিবার ময়নাগুড়ি ব্লকের চার সার ব্যবসায়ীদের শোকজ করল কৃষিদপ্তর। ব্লকের আমগুড়ি ও পানবাড়ির সার ব্যবসায়ীদের দোকানে অচমকা হানা দেন প্রশাসনিক কর্তারা। তাঁরা দেখেন বেশকিছু দোকানে সারের স্টক ঠিক নেই। সঠিকভাবে রেজিস্টারে লেখা হচ্ছে না। স্টক আপডেটও করা নেই। ই-পস মেশিনেও সমস্যা রয়েছে। অসঙ্গতি ধরা পড়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে সঙ্গে কৃষিদপ্তরের আধিকারিকরা শোকজ করেন। 
Advertisement
এদিন ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি ও আমগুড়িতে অভিযান চালানো হয়। যেসব ব্যবসায়ীকে শোকজ করা হয়েছে তাঁদের সাতদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। ময়নাগুড়ির জয়েন্ট বিডিও কাজি মহম্মদ এ বি মোবিন, ব্লক কৃষি আধিকারিক মানসী বর্মন, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদরঞ্জন রায় অভিযানে ছিলেন। বেশ কিছুদিন ধরেই ময়নাগুড়িতে মিশ্রসারের দামবৃদ্ধির অভিযোগ উঠেছে। কিছুদিন আগেই ব্যাঙকান্দির কয়েকজন কৃষক সারের দামবৃদ্ধি নিয়ে সরব হন। এমআরপি থেকেও অতিরিক্ত দামে মিশ্রসার বিক্রি করা হচ্ছে বলে তাঁদের অভিযোগ। সঠিক দামে সার বিক্রি করতে ব্যবসায়ী সমিতির থেকেও নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি আধিকারিক মানসী বর্মন বলেন, কিছু সার ব্যবসায়ীর নথিপত্রে অসঙ্গতি মেলায় তাদের শোকজ করা হয়েছে। সাতদিনের মধ্যে লিখিত জবাব দিতে হবে। না হলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 
সার ব্যবসায়ী সমিতির জলপাইগুড়ি জেলা সম্পাদক সিদ্ধার্থ সরকার বলেন, আমাদের পক্ষ থেকে ব্যবসায়ীদের জানিয়ে দিয়েছি ন্যায্যমূল্যে সার বিক্রি করতে হবে। রেজিস্টারে হিসেব ঠিকঠাক রাখতে হবে। আধিকারিকরা কয়েকজনের কাগজপত্র ঠিকঠাক পাননি। 
সম্পর্কিত সংবাদ