Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শুকদেবপুরকে রক্ষা করতে এবার প্রমীলাদের বাহিনী

শুকদেবপুরকে রক্ষা করতে এবার প্রমীলাদের বাহিনী
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: বাংলাদেশ সীমান্তে উত্তেজনার পরেই শুকদেবপুরে এলাকা রক্ষায় এবার তৈরি করা হল প্রমীলা বাহিনী। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এবার সন্ধ্যার পর পালা করে এলাকায় পাহারা দেবেন তাঁরা। চোরাচালান এবং অনুপ্রবেশ রুখতেও এই বাহিনীর সদস্যরা প্রাণপাত করতে তৈরি।
Advertisement
স্থানীয়রা জানাচ্ছেন, এলাকায় সেরকম কাজ না থাকায় বেশিরভাগ পুরুষ পরিযায়ী শ্রমিক হিসেবে ভিনরাজ্যে পাড়ি দেন। এমন পরিস্থিতিতে প্রায় ওপার বাংলা থেকে দুষ্কৃতীরা এপারে চলে আসছে। ভারতীয় সীমানায় থাকা জমি থেকে ফসল কেটে নিয়ে যায় তারা। এছাড়া মাঝেমধ্যে বিএসএফের নজর এড়িয়ে গ্রামের ঢুকে গরু, ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে। প্রমীলা বাহিনীর সদস্য উর্মিলা মণ্ডলের কথায়,আমাদের এলাকায় অনেক মহিলা সীমান্তে প্রহরা দিচ্ছেন। পোস্টের কাছাকাছি থাকা মহিলা বিএসএফ কর্মীদের উদ্দেশ্য করে ওপারের দুষ্কৃতীরা ইট, পাথর ছুঁড়ে দেয়। অশ্লীল অঙ্গভঙ্গী করে। এসব আর আমাদের আর সহ্য হচ্ছে না। 
আরেক সদস্য নিয়তি মণ্ডল বলেন, কাঁটাতার না থাকায় ওপারের দুষ্কৃতীরা  প্রায়‌ আমাদের এলাকায় চলে আসে। কাঁটাতার দিতে বাধা দেওয়ার পর আমাদের এলাকার অনেকে বিএসএফের পাশে দাঁড়িয়ে ছিল। সেই আক্রোশে আমাদের গাছও কেটে ফেলেছে ওপারের দুষ্কৃতীরা। বিএসএফ থাকলেও নিজেদের নিরাপত্তার জন্য মেয়েদের নিয়ে আমরা আলাদা একটি বাহিনী তৈরি করেছি। আমরা পালা করে এলাকার নিরাপত্তা রক্ষায় বিএসএফকে সাহায্য করব। বিজিবির বাধার পর আলোচনা হলেও আপাতত বেড়া দেওয়ার কাজ বন্ধ রয়েছে সীমান্তে। তবে শীঘ্রই সেই কাজ শুরু হবে বলে খবর বিএসএফ সূত্রে।
সম্পর্কিত সংবাদ