নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: শহরজুড়ে জঞ্জাল। উত্তর থেকে দক্ষিণ, যেদিকেই তাকানো যায় কেবল রাস্তার ধারে ছোটবড় আবর্জনার স্তূপ। শহরের পিছন দিকে অপরিকল্পিত ডাম্পিং গ্রাউন্ড। সেই পথ দিয়ে হাঁটাচলা করাই মুশকিল। বছরের পর বছর ধরে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যে শহর প্রশ্নের মুখে পড়েছে, অবশেষে সেই শহরবাসীর ভাগ্যে শিকে ছিঁড়তে চলেছে। কারণ কেন্দ্রীয় বিদ্যালয় সংলগ্ন একটি জমিতে শুরু হয়েছে বর্জ্য ব্যবস্থাপনার পরিকাঠামো তৈরির কাজ।
Advertisement
কুপার্স কেন্দ্রীয় বিদ্যালয়ের ঠিক বিপরীতে জায়গা চিহ্নিত হয়েছিল আগেই। যদিও দীর্ঘদিন ধরে সেই কাজ ঝুলেই ছিল। এর মাঝে আবার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায় ২০২২ সালে। তারপর থেকে কার্যত নির্বাচনহীন অবস্থায় পড়ে রয়েছে কুপার্স। ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলার নেই, নেই পুর চেয়ারম্যান। প্রশাসক হিসেবে রয়েছেন কেবল রানাঘাটের মহকুমা শাসক। স্বাভাবিকভাবেই একার পক্ষে একটি পুরসভা এবং একটি মহকুমার কাজ সামাল দেওয়া কঠিন। ফলে পরিষেবার অভাবে দীর্ঘদিন ধরেই ধুঁকছে রানাঘাটের উপকণ্ঠে থাকা এই উপ শহরটি। নিকাশি নালার সাফাই থেকে আবর্জনা নিষ্কাশন, ভাঙাচোরা রাস্তা থেকে বিভিন্ন জায়গায় পর্যাপ্ত স্ট্রিট লাইটের অভাব, কী নেই এই শহরের সমস্যার তালিকায়। তবে আবর্জনা নিষ্কাশনের সমস্যার পাকাপাকি সমাধানে উদ্যোগ নিয়েছে প্রশাসন। দীর্ঘদিন ধরে পড়ে থাকা কেন্দ্রীয় বিদ্যালয়ের বিপরীতের জমিতে এবারসলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট তৈরির কাজ শুরু হয়েছে। সেইসঙ্গে জমিটিপাঁচিল দিয়ে ঘেরার তোড়জোড় চলছে।



