Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শহরের রাস্তায় বিকল লরি, ব্যাপক যানজট রানিগঞ্জে  

শহরের রাস্তায় বিকল লরি, ব্যাপক যানজট রানিগঞ্জে
 
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানিগঞ্জ: জাতীয় সড়কে বিশাল দৈত্যাকার বালি বোঝাই লরির চলাচল। মঙ্গলবারও দিনভর স্তব্ধ থাকল রানিগঞ্জ শহর। এই ছবি শুধু একদিনের নয়, নিত্যদিন যানজটে নাকাল হচ্ছেন বাণিজ্যিক শহরের বাসিন্দারা। এদিন একটি লরি খারাপ হয়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুপুর থেকে শহরের প্রাণকেন্দ্র নেতাজি সুভাষ রোডে গাড়ি চলল শম্বুক গতিতে। নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়া থেকে শুরু করে বয়স্ক মানুষ চূড়ান্ত হয়রানির শিকার হন। পুজোর সময়ে শহরের ট্রাফিক ব্যবস্থা উন্নত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিল পুলিস। উৎসবের মরশুম মিটতেই সেই সব নিয়মের প্রতি নজর নেই। ট্রাফিক আইন লাটে উঠেছে। রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শহরের যানজট নিয়ে আমি চূড়ান্ত হতাশ। যতজন সিভিক ভলান্টিয়ার রয়েছেন, তাঁরা রাস্তায় সক্রিয় ভাবে ডিউটি করলে এই অবস্থা হয় না।’
Advertisement
এদিন দুপুরে রানিগঞ্জর যানচলাচল স্তব্ধ হয়ে যায় মূলত ওই লরিটির কারণেই। তারবাংলা মোড় থেকে স্টেশন পর্যন্ত, বরো অফিস থেকে মেজিয়া ব্রিজ পর্যন্ত গাড়ির দীর্ঘ লাইন। প্রতিদিনই কম বেশি এই অবস্থা থাকে। এদিন কিন্তু পরিস্থিতি ছিল ভয়ানক। দীর্ঘ যানজট পার করার পর জানা যায়, মেজিয়া রাস্তার উপর শহরের মধ্যে একটি বড় বালি বোঝাই গাড়ি খারাপ হয়ে যাওয়ায় এই বিভ্রাট। এলাকাবাসীর দাবি, ভারি গাড়ি বিভ্রাট শহরের উপর লেগেই থাকে। যার জেরে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে ফেঁসে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। 
রানিগঞ্জ শহরের উপর দিয়ে গিয়েছে ৬০ নম্বর জাতীয় সড়ক। শহরের উপর দিয়ে যে অংশটি গিয়েছে সেটা নেতাজি সুভাষ রোড (এনএসবি) নামে পরিচিত। রানিসায়ের হয়ে একটি বাইপাস রাস্তা থাকলেও অভিযোগ ওঠে শহরের মধ্যে দিয়েই বহু ভারি গাড়ি যাতায়াত করে। যার বড় উদাহরণ এদিন বিকল হওয়া বালির লরিটি। বাঁকুড়া থেকে লরিটি আসছিল। বাইপাস রাস্তা না ধরে সেটি কেন শহরে ঢুকেছিল, সেই প্রশ্ন উঠছে। আর তাতেই গোটা একটা দিন শহরে পথচলতি মানুষকে নাকাল হতে হল। সিপিএমের এরিয়া সম্পাদক সুপ্রিয় রায় বলেন, ‘পুলিসের একটি অংশ টাকার বিনিময়ে বড় গাড়িগুলিকে শহরে যাতায়াত করার অনুমতি দিচ্ছে। যখন তখন রাস্তা থেকে ব্যবসায়িক সামগ্রী নামানো, ওঠানো হচ্ছে। ’
সম্পর্কিত সংবাদ