সংবাদদাতা, তুফানগঞ্জ: তুফানগঞ্জ শহরে বেশকিছু পানীয় জলের রিজার্ভার বহুদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। এর জেরে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। প্রায় ২৫ বছর আগে জল সমস্যা দূর করতে তুফানগঞ্জ শহরে বেশ কয়েকটি কমিউনিটি রিজার্ভার তৈরি করা হয়েছিল। মদনমোহন মন্দির, ইলাদেবী স্কুল, গোডাউন মোড়, ইলেক্ট্রিক অফিস মোড়, হাসপাতালের পাশে, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সামনে পানীয় জলের রিজার্ভার বানানো হয়েছিল। এরমধ্যে বেশিরভাগই জল নেই এখন। অবিলম্বে রিজার্ভারগুলি সংস্কার করে ব্যবহারযোগ্য করে তোলার দাবি উঠেছে। তুফানগঞ্জ শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিক্ষক অভিজিৎ সাহা বলেন, শহর সংলগ্ন বিভিন্ন গ্রামগঞ্জের মানুষ পানীয় জলের জন্য শহরের উপর নির্ভর করে। অকেজো হয়ে পড়ে থাকা রিজার্ভরগুলি পুনরায় ব্যবহারযোগ্য করে তুললে বহু মানুষ উপকৃত হবে।
Advertisement
এ ব্যাপারে তুফানগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান তনু সেন বলেন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব রিজার্ভারগুলি সংস্কারের কাজ করা হবে।



