Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শহরের মধ্য দিয়ে বাস চলাচল চালু রাখার দাবি ব্যবসায়ীদের

শহরের মধ্য দিয়ে বাস চলাচল চালু রাখার দাবি ব্যবসায়ীদের
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: যানজট ও দুর্ঘটনা এড়াতে প্রশাসনের নির্দেশে বিষ্ণুপুর শহরে যাত্রীবাহী বাস ঢোকা বন্ধ হয়েছে। তার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চকবাজারের ব্যবসায়ীরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে ব্যবসায়ীরা বৈঠকে বসেন। শহরের ভিতর দিয়ে আগের মতো বাস চলাচলের দাবিপত্র প্রশাসনের কাছে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। 
Advertisement
চকবাজার লক্ষ্মীমাতা ষোলোআনা কমিটির সভাপতি সন্দীপ দত্ত বলেন, বহু বছর ধরে বিষ্ণুপুরের চকবাজারের উপর দিয়ে যাত্রীবাহী বাস চলাচল করছিল। যাত্রীরা ওই এলাকায় ওঠানামা করার ফলে বিভিন্ন গ্রাম থেকে ক্রেতারা এসে সহজেই চকবাজারে কেনাকাটা করেন। তাতে এলাকার ব্যবসা বাণিজ্য ভালো হয়। কিন্তু সোমবার থেকে এই রুটের বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এতে ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দূরদূরান্ত থেকে আসা ক্রেতারা অসুবিধার মধ্যে পড়ছেন। তাঁদের বাসস্ট্যান্ডে নেমে টোটোয় করে চকবাজারে আসতে হচ্ছে। এই সঙ্কটের হাত থেকে মুক্তি পেতে এলাকার সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা বৈঠকে বসেন। ব্যবসায়ীদের স্বার্থে আগের মতো বাস চলাচল যাতে জারি রাখা হয়, সে ব্যাপারে প্রশাসনের কাছে আর্জি জানানোর সিদ্ধান্ত হয়েছে। 
এব্যাপারে বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বলেন, পুরনো শহর হওয়ায় বিষ্ণুপুরের রাস্তাঘাট খুবই সংকীর্ণ। তার উপর দিয়ে যাত্রীবাহী বাস চলাচলের কারণে যানজট হচ্ছে, দুর্ঘটনাও ঘটছে। সেজন্য জেলাশাসকের নির্দেশে শহরের ভেতর দিয়ে বাস চলাচল বন্ধ করা হয়েছে। এব্যাপারে ব্যবসায়ীদের পক্ষ থেকে কোনও অভিযোগ এখনও পর্যন্ত আসেনি। এলে বিষয়টি পুনরায় জেলাশাসকের কাছে পাঠানো হবে। 
বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বলেন, শহরে বাস চলাচল বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে শুনেছি ব্যবসায়ীরা নিজেদের মধ্যে বৈঠক করেছেন। তবে এখনও পর্যন্ত তাঁরা এব্যাপারে পুরসভায় কিছু জানাননি। 
ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে রাস্তা জবরদখলের অভিযোগ আসছিল। অনেক ব্যবসায়ী রাস্তার উপর পসরা সাজিয়ে রাখায় যানবাহন চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। বিষয়টি নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা প্রশাসনের নির্দেশ মেনে রাস্তার উপর থেকে মালপত্র সরানোর জন্য ব্যবসায়ীদের বলেছি। তা না করলে প্রয়োজনে প্রশাসন ফাইন করলেও আমাদের কোনও আপত্তি থাকবে না। আমরা চাই ব্যবসায়ী এবং ক্রেতাদের স্বার্থে প্রশাসন আগের মতো বাস চলাচলের রুট বহাল রাখুক। আমরা প্রশাসনকে সবরকমভাবে সহযোগিতা করতে প্রস্তুত। বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। শীঘ্রই প্রশাসনের কাছে এনিয়ে লিখিত প্রস্তাব দেওয়া হবে।     
সম্পর্কিত সংবাদ