Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শহরে যানজট নিয়ন্ত্রণে কাল বৈঠকে বসছে প্রশাসন

শহরে যানজট নিয়ন্ত্রণে কাল বৈঠকে বসছে প্রশাসন
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সদর শহরের যানজট ও টোটো নিয়ন্ত্রণ নিয়ে আগামীকাল অর্থাৎ শনিবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে সিউড়ি পুরসভা। জেলাশাসকের উপস্থিতিতেই সেই বৈঠক হওয়ার কথা। সেখানে যেমন পুর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, তেমন জেলা পুলিস, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও থাকবেন। স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। শহরের প্রধান মাথাব্যথা যানজট সমস্যা কোন পথে সমাধান হয় সেটাই এখন মূল দেখার বিষয়।
Advertisement
পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, ২২ নভেম্বর এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। শহরের প্রধান একটা সমস্যা যে যানজট তা তো বলার অপেক্ষা রাখে না। আমি শেষ ৬-৭ মাস বোর্ডে বসে একাধিকবার এই নিয়ে উদ্যোগ নিয়েছি। জেলাশাসক নিজে বিষয়টি দেখছেন। এই সমস্যার যাতে সমাধান হয় তার জন্য সবাইকে নিয়ে আলোচনা হবে। কোন পথে এর সমাধান বেরবে সেটা বৈঠকের পরই বলতে পারব।
সিউড়ি শহর জেলার সদর শহর হলেও যানজট, নিকাশি ব্যবস্থা, ফুটপাত দখল এইসব ইস্যুতে পুরকর্তৃপক্ষ শহরবাসীর প্রশ্নের মুখে। জ্বলন্ত সমস্যা বলতে শহরের রাস্তায় হাজার হাজার টোটো। বিশেষ করে সিউড়ি ১ ব্লকের কুখুটিয়া, ধল্লা, ইটাগড়িয়া, তিলপাড়া, কড়িধ্যা, মল্লিকপুর ইন্দ্রগাছা সহ আশপাশের একাধিক গ্রাম থেকে শ’য়ে শ’য়ে টোটো শহরে ঢোকে। প্রতি মাসেই বাড়ছে সেই টোটোর সংখ্যা। শোনা যাচ্ছে, এক একটি গ্রামে পাঁচশোর বেশি টোটো রয়েছে। সেগুলি অনিয়ন্ত্রিত ভাবে শহর দাপিয়ে বেড়াচ্ছে। ফলে মসজিদ মোড়, বাস স্ট্যান্ড, প্রশাসন ভবন মোড়, চৌরাস্তা মোড়, রবীন্দ্রপল্লি সব রাস্তায় যানজট বাড়ছে। অনেকে বলছেন, পুরসভা সদিচ্ছা দেখাচ্ছে না বলেই এই যানজট হচ্ছে। তবে এর আগে জোড়-বিজোড় নম্বরের টোটো চলাচলের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই কারণে টোটোগুলির রেজিস্ট্রেশন করানো হয়। গ্রামের কত টোটো চলে আর শহরের কত টোটো চলে তার হিসেব রাখতে সেই উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলেও কোনও পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। ফলে আগামীকালের বৈঠকে এই বিষয়ে একাধিক আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে প্রস্তাব দেওয়া হতে পারে, গ্রামের টোটো যেদিন শহরে চলবে সেদিন শহরের টোটো চলবে না। কিংবা রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী একদিন ছাড়া ছাড়া পর্যায়ক্রমে টোটোগুলি চলবে। তাতে কিছুটা হলেও যানজট কমবে। এর পাশাপাশি বেশ কিছু রুট টোটো চালকদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হবে। সেই কারণে ওই বৈঠকে অটো ইউনিয়নের নেতাদেরও উপস্থিত থাকতে বলা হচ্ছে। কিন্তু ওই বৈঠকে আদৌ কোনও সমাধান সূত্র বেরবে কিন তাই নিয়েই প্রশ্ন রয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, যানজটের পাশাপাশি ফুটপাত বেদখল, নিকাশি নালা ইত্যাদি একাধিক বিষয়ে আলোচনা হবে।
সম্পর্কিত সংবাদ