Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শহর ও গ্রামে পানীয় জল সরবরাহে ভারসাম্য আনতে বৈঠক আসানসোলে

শহর ও গ্রামে পানীয় জল সরবরাহে ভারসাম্য আনতে বৈঠক আসানসোলে
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শহর ও গ্রামে পানীয় জল সরবরাহে ভারসাম্য আনতে আসানসোল পুরসভায় উচ্চপর্যায়ের বৈঠক হল। শুক্রবার ওই বৈঠকে অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, মেয়র বিধান উপাধ্যায় সহ এমইডি, পিএইচই ও পুরসভার জলবিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে মেয়র এমইডি কর্তৃপক্ষকে জানিয়ে দেন, আম্রুত-২ জলপ্রকল্পের কাজ ২০২৫ সালের মধ্যেই শেষ করতে হবে। এদিনের বৈঠকে পুরসভার বিভিন্ন বরো চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। তাঁরা নিজেদের এলাকার সমস্যা তুলে ধরেন।আসানসোল পুরসভা ১০৬টি ওয়ার্ড নিয়ে গঠিত। বিভিন্ন ওয়ার্ডে পুরসভার পাশাপাশি পিএইচই’র জলের সংযোগ রয়েছে। আবার কিছু ওয়ার্ডে পিএইচই বা পুরসভা-কারও তরফে জলের সংযোগ দেওয়া হয়নি। জলবণ্টনে তীব্র বৈষম্য রয়েছে। এদিনের বৈঠকে ওয়ার্ড ধরে ধরে সেসব সমস্যা পর্যালোচনা করা হয়। প্রশাসনের তরফে পুরসভাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, গ্রামীণ এলাকায় পিএইচই জল সরবরাহ করবে। পুর এলাকায় পুরসভাকেই জল দিতে হবে। বিভিন্ন এলাকায় জল চুরির বিষয়টিও বৈঠকে উঠে আসে। কঠোর হাতে তা দমন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়র বিধান উপাধ্যায় বলেন, সমস্ত এলাকায় সুষ্ঠুভাবে পানীয় জল বণ্টন করার জন্যই বৈঠক হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ