বিশেষ সংবাদদাতা, ইম্ফল: প্রায় দু’বছর ধরে জাতিহিংসার আগুনে জ্বলছে মণিপুর। সম্প্রতি অভিযোগ উঠেছে, হিংসার নেপথ্যে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ভূমিকা ছিল। এই পরিস্থিতিতে কী মুখ্যমন্ত্রিত্বের পদ হারাতে চলেছেন বীরেন? বুধবার দুপুরে হঠাত্ করেই তিনি দিল্লি যাওয়ায় সেই জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে বৈঠকের জন্য ডাকেন। রাজনৈতিক মহলের মতে, এতদিন কেটে যাওয়ার পরেও মণিপুরে হিংসা না থামায় বীরেনের উপর ক্ষুব্ধ বিজেপির শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবারই মণিপুরের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদকে ডেকে পাঠিয়েছিলেন শাহ। সূত্রের খবর, দিল্লি যাওয়ার আগে খেমচাঁদ বীরেন-বিরোধী কয়েকজন বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করেছেন।



