নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুক পুরসভার পায়রাটুঙ্গি চর এলাকায় ৩৭লক্ষ টাকা খরচে শহিদ মাতঙ্গিনী পুর সুস্বাস্থ্য কেন্দ্রের কাজের শুভারম্ভ হল। বুধবার এই উপলক্ষ্যে তমলুক পুরসভার ১নম্বর ওয়ার্ডে অনুষ্ঠান হয়। সকালে পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়ের উপস্থিতিতে পুজোপাঠ হয়। তারপর অনুষ্ঠান মঞ্চে নতুন ভবনের কাজের শুভারম্ভ হয়। সেখানে পুরসভার চেয়ারম্যান ছাড়াও মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়, উপ মুখ্যস্বাস্থ্য আধিকারিক-৩ দিব্যেন্দু চক্রবর্তী এবং মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটের(এমইডি) এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সমীরণ সাহা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররাও অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
Advertisement
গত ১২মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে তমলুক শহরে ওই সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করেন। পঞ্চদশ অর্থ কমিশনের স্বাস্থ্য খাতে ৩৭লক্ষ টাকা খরচে ওই সুস্বাস্থ্য কেন্দ্রের ভবন তৈরি হবে। ইতিমধ্যে টেন্ডার ডেকে এজেন্সি বাছাই করে ওই কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। ওই এলাকার একটি ক্লাবঘরে স্বাস্থ্যকেন্দ্র চলে। নতুন ভবন হলে সেখানেই সুস্বাস্থ্য কেন্দ্র হিসেবে পথচলা শুরু হবে। পুরসভার ১, ২ ও ৬ নম্বর ওয়ার্ড সহ ওই এলাকার প্রায় ১৬হাজার মানুষ চিকিৎসা পাবেন। আগামী ছ’মাসের মধ্যে ভবনের কাজ তৈরির টার্গেট রাখা হয়েছে বলে এদিন এমইডি-র এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার জানান।



