রাজকোট: আইপিএল নিলামের আগের দিন ব্যাট হাতে ঝলমলে শাহবাজ আহমেদ। শনিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পাঞ্জাবের বিরুদ্ধে অপরাজিত শতরানে বাংলাকে জেতালেন বাংলার অলরাউন্ডার। শাহবাজের ১০০ নট আউটের সুবাদেই চার উইকেটে জিতেছে বঙ্গ-ব্রিগেড। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব শেষ হয়ে যায় ১৭৯ রানে। জবাবে এক ওভার বাকি থাকতেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলা (১৮১-৬)। ৪৯ বলের ইনিংসে শাহবাজ মারেন ৬টি চার ও ৭টি ছক্কা। তবে মহম্মদ সামিকে এদিন কিছুটা বিবর্ণ দেখিয়েছে। চার ওভার হাত ঘুরিয়ে ৪৬ রান খরচ করে মাত্র একটি উইকেট পেয়েছেন তারকা পেসার।
Advertisement
রান তাড়ায় একসময় অবশ্য ১০ রানে ৪ উইকেট খুইয়ে ধুঁকছিল বাংলা। তবে অধিনায়ক সুদীপ কুমার ঘরামির সঙ্গে কঠিন সময়ে ১১০ রানের জুটি গড়েন শাহবাজ। সুদীপ ৪৩ রানে আউট হলেও শাহবাজ থামেননি। শতরান হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। শাহবাজের এই ইনিংসের প্রভাব রবিবার নিলামে পড়তে বাধ্য। এদিকে, প্রথমে ব্যাট করা পাঞ্জাবের হয়ে সবচেয়ে বেশি রান আনমোলপ্রীতের (৩৯)।



