Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শীঘ্রই দেউচা পাচামির বাসিন্দাদের পুনর্বাসন, জানালেন জেলাশাসক

শীঘ্রই দেউচা পাচামির বাসিন্দাদের পুনর্বাসন, জানালেন জেলাশাসক
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: বীরভূমের দেউচা পাচামি কয়লাখনি এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের কাজ শুরুর আশ্বাস আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জেলাশাসকও জানালেন, খুব তাড়াতাড়ি খনি প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হতে চলেছে। এখবরে খনি প্রকল্প এলাকা সহ পুরো জেলায় খুশির হাওয়া ছড়িয়েছে। প্রায় আড়াই বছর আগে দেউচা পাচামির জন্য এলাকার বাসিন্দাদের জমি নিয়ে চাকরি দেওয়া শুরু হয়েছিল। প্রায় বারোশোর বেশি পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে আর্থিক ক্ষতিপূরণের টাকাও দেওয়া হয়েছে। প্রকল্প এলাকায় বিভিন্ন জায়গায় সার্ভে ড্রিলিংয়ের মাধ্যমে মাটির নীচে কয়লার গুণমান ও কয়লার দূরত্বও পরীক্ষা হয়েছে।
Advertisement
পুজোর আগে জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, বর্ষার মরশুম কেটে গেলেই অর্থাৎ পুজোর পর বীরভূমের দেউচা পাচামি ও দেওয়ানগঞ্জ-হরিণশিঙা কয়লাখনি প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হবে। সম্প্রতি মহম্মদবাজারে জয় জোহার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক বিধান রায় বলেন, খুব তাড়াতাড়ি আমরা খনি প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করব। তার প্রস্তুতি চলছে। পুনর্বাসনের কাজ শুরু হবে। প্রাথমিকভাবে মহম্মদবাজার ব্লকের খনি প্রকল্প এলাকার মথুরাপাহাড়ি প্রাথমিক বিদ্যালয়কে বর্তমান জায়গা থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে নতুন বিদ্যালয় তৈরির জন্য প্রয়োজনীয় জমিও দেওয়া হয়েছে। সেখানে স্কুলভবন তৈরির জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে। কিছুদিনের মধ্যেই ভবন তৈরি শুরু হবে। প্রশাসনের দাবি, প্রাথমিকভাবে খনি প্রকল্পের চাঁদা মৌজার মথুরাপাহাড়ি এলাকায় খননকাজ শুরু হবে। সেখানে বেশকিছু খাসজমি রয়েছে। কিছুটা অংশে রয়েছে জঙ্গল। সেই জঙ্গল কেটে ফেলার বদলে বেশকিছু বড় গাছ আধুনিক পদ্ধতিতে তুলে অন্য একটি জায়গায় রোপণ করা হবে। এছাড়া, নতুন জঙ্গল তৈরির জন্য প্রায় ছ’হাজার শাল, মহুয়া সহ বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে। 
খনি প্রকল্প এলাকার বাসিন্দা চিন্তা মারিয়া, মাতলি মুর্মু, সমর মুর্মু বলেন, আমরা খনির জন্য জমি দিচ্ছি। জমির কাগজ জমা করেছি। অনেকে চাকরিও পেয়েছি। মুখ্যমন্ত্রী বলেছেন, খনির কাজ তাড়াতাড়ি শুরু হবে। এতে আমরা খুশি।
সম্পর্কিত সংবাদ