Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আরও একটি মামলায় সন্দেশখালি থানার হাতে ধৃত শেখ শাহজাহান

২০২৪ সালে জোর করে জমি দখলের মামলায় তাকে গ্রেপ্তার করল সন্দেশখালি থানা।

আরও একটি মামলায় সন্দেশখালি থানার হাতে ধৃত শেখ শাহজাহান
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 সংবাদদাতা, বসিরহাট: আরও একটি মামলায় গ্রেপ্তার করা হল শেখ শাহজাহানকে। ২০২৪ সালে জোর করে জমি দখলের মামলায় তাকে গ্রেপ্তার করল সন্দেশখালি থানা। শেখ শাহজাহানকে বৃহস্পতিবার দুপুরে তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। পাশাপাশি ইডির সাক্ষী ভোলানাথ ঘোষের ছেলে খুনের মামলায় ন্যাজাট থানা সন্দেশখালির ‘বাদশা’কে নিজেদের হেপাজতে নিতে চলেছে। বিচারক আগামী ৪ জুন পর্যন্ত পুনরায় শেখ শাহজাহানকে জেলে থাকার নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেখ শাহজাহানের বিরুদ্ধে ২০২৪ সালে সন্দেশখালি থানায় অভিযোগ হয়। অভিযোগকারীরা জানান, জোর করে   জমি দখল করেছে শাহজাহান। তার বিরুদ্ধে মারধর, আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানোসহ একাধিক অভিযোগ ছিল। তার ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় কেস রুজু করে সন্দেশখালি থানা। এই দুটি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করে। প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ জানুয়ারি ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে গেলে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। ঘটনার জেরে ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দেয় শাহজাহানের অনুগামীরা। কিছুদিন পর শাহজাহানকে গ্রেপ্তার করে ন্যাজাট থানার পুলিশ। পরবর্তীতে আদালতের নির্দেশে ইডি আধিকারিকদের মারধরের ঘটনার তদন্তভার নেয় সিবিআই। সেই থেকে জেলবন্দি রয়েছেন শেখ শাহজাহান। এদিন শেখ শাহজাহানকে দেখতে পরিবারের সদস্যরা ভিড় জমান বসিরহাট  আদালত চত্বরে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ