নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শুক্রবার শহরের ক্যাথিড্রাল রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে সভা শুরুর সময় সামান্য সমস্যা দেখা দেয়। শুরু হয় বিশৃঙ্খলাও। হাজার হাজার কর্মী-সমর্থদের ভিড়ে সভামঞ্চের পাশের লেনে যানজট দেখা দেয়। আটকে পড়ে একাধিক গাড়ি, অ্যাম্বুলেন্সও। পুলিশ বিষয়টি জানালে পরিস্থিতি সামাল দেন মমতা নিজেই। অবিলম্বে পাশের লেন থেকে দলীয় নেতা-কর্মী-সমর্থকদের সরে যাওয়ার নির্দেশ দেন। এসবের জন্য প্রায় ২০-২৫ মিনিট সভার কাজ ব্যাহত হয়। এরপর মমতা মঞ্চ থেকে দৃপ্ত গলায় ঘোষণা করেন, বাংলায় ফের পরিবর্তন আসবেই। তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় ফিরবে। বিজেপির অন্যায়ের জবাব বিজেপির লোকেরাই দেবে। বলেন, ছাত্র-যুবকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। দরকার হলে জেলেও যেতে হবে। প্রয়োজন হলে জেলের ভাত খাবেন, কিন্তু বিজেপির ভাত খাবেন না।



