নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জেন জি আন্দোলন কি নিছক এক মন্ত্রীর পদত্যাগের মধ্যে দিয়েই সমাপ্ত হয়নি? তার অভিঘাত আরও গভীরে প্রবেশ করেছে? কিছুদিন আগে পর্যন্ত অন্য দলের নেতা-নেত্রীদের বিজেপিতে যোগ দেওয়ার জোয়ার পর্ব চলেছে। জাতীয় রাজনীতিতে বিজেপির উত্থানপর্ব যেন অন্তহীন। অথচ যুব সমাজের একটিমাত্র আন্দোলনে একঝাঁক বেসুরো প্রবণতা দানা বাঁধছে। আপাতদৃষ্টিতে যা খুবই ক্ষুদ্র উদাহরণ। কিন্তু বিজেপি শীর্ষ নেতৃত্ব হালকাভাবে নিচ্ছে না এই ঘটনাপঞ্জি। তাই সরকার এবং দল দফায় দফায় বৈঠক করে ড্যামেজ কন্ট্রোল করার পন্থা খুঁজছে। নতুন একঝাঁক সিদ্ধান্তের পথেও হাঁটবে সরকার। তার মধ্যেই দলের অন্যতম মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা আচমকা বিজেপি থেকে ইস্তফা দিলেন। বৃহস্পতিবার তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রথমে বিজেপি পরিচয় মুছে ফেলেন। তারপর জানিয়ে দেন যে, তিনি দলের মুখপাত্র ও সব পদ থেকেই পদত্যাগ করেছেন। সম্পূর্ণ ব্যক্তিগত কারণ। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে আলোড়ন ওঠার পর তিনি আবার সোস্যাল মিডিয়ার অ্যাকাউন্টে লেখেন, নরেন্দ্র মোদির একনিষ্ঠ অনুসরণকারী। বিজেপির প্রাক্তন সাধারণ সম্পদক, মুখপাত্র এবং সংঘঘনিষ্ঠ নেতা পি মুরলীধর রাওয়ের দিন কয়েক আগে করা মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল। তিনি বলেছিলেন, যে কোনো আদর্শে অবিচল থাকতে হয়। কোনো শপথ নিলে ও প্রতিজ্ঞা করলে তার সম্মান রক্ষা করতে হয়। তাহলেই সম্মান পাওয়া যায়। এই মন্তব্যের পরই কংগ্রেস প্রশ্ন তুলতে শুরু করে। মুরলীধর তারপরই কিছুটা সংশোধন করে লেখেন কোনো বিশেষ ঘটনার প্রেক্ষিতে একথা লেখা হয়নি।



