নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এক অজ্ঞাত পরিচয় যুবকের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভোরের আলো থানার সাহুডাঙি বলমপাড়াতে। সেখানকার একটি তেজপাতা বাগানে এদিন সকালে স্থানীয় বাসিন্দারা ওই দেহটি দেখতে পান। আনুমানিক ২৭-২৮ বছরের এক যুবকের অগ্নিদগ্ধ দেহ দেখেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় ভোরের আলো থানায়। পরে ঘটনাস্থলে এসে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনাটি খুন নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিস। যদিও এদিন রাত পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।



