Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শচীনের রেকর্ড ভাঙবেন কোহলি, আশায় পন্টিং

শচীনের রেকর্ড ভাঙবেন কোহলি, আশায় পন্টিং
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির ম্যাচ জেতানো শতরানের আবেশে এখনও ডুবে রয়েছে ক্রিকেটদুনিয়া। ফের শুরু হয়েছে শচীন তেন্ডুলকরের সঙ্গে তাঁর তুলনা। সদ্য ওয়াসিম আক্রাম বলেছেন যে, কোহলির ব্যাটে আন্তরিকভাবেই ১০০ সেঞ্চুরি দেখতে চান তিনি। এবার রিকি পন্টিং একদিনের ক্রিকেটে মাস্টার ব্লাস্টারের রেকর্ড ১৮,৪২৬ রান টপকানোর জন্য চেজমাস্টারের উপরই ভরসা রাখছেন। 
Advertisement
আইসিসি রিভিউতে প্রাক্তন অজি অধিনায়ক বলেছেন, ‘৫০ ওভারের ক্রিকেটে বিরাটের চেয়ে ভালো কাউকে দেখিনি। এই ফরম্যাটে মোট রানে ও আমাকে টপকে গিয়েছে। সামনে শুধু দু’জন, শচীন ও সাঙ্গাকারা। আমার তো মনে হয় এই ঘরানায় সর্বাধিক রানসংগ্রহকারী হিসেবে নিজেকে দেখতে চেষ্টার কোনও খামতি রাখবে না।’ উল্লেখ্য, শচীনের চেয়ে কোহলি এখন ৪,৩৪১ রানে পিছিয়ে। এখন তাঁর রান ১৪,০৮৫। 
৩৬ বছর বয়সির পক্ষে কতটা কঠিন শচীনকে ছাপিয়ে যাওয়া? পন্টিংয়ের উত্তর, ‘ও রীতিমতো ফিট। সুস্থ থাকার জন্য প্রচণ্ড পরিশ্রম করে। দীর্ঘ সময় ধরেই ফিটনেস দুর্দান্ত। তারপরও শচীনের থেকে ৪ হাজার রানে পিছিয়ে। এটা বোঝায়, শচীন কত বড় মাপের ব্যাটসম্যান। দীর্ঘদিন ধরে ও খেলেওছে। কিন্তু বিরাটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া বোকামি হবে। ওর রানের খিদে এমন মারাত্মক থাকলে শচীনকে টপকাতেই পারে।’
পাকিস্তানের বিরুদ্ধে বরাবর জ্বলে ওঠেন কোহলি। তাঁকে ‘বিগ ম্যাচ প্লেয়ার’ অ্যাখ্যা দিয়ে পন্টিং বলেছেন, ‘২০২২ সালে টি-২০ বিশ্বকাপেও পাকিস্তানকে হারিয়েছিল। এই আসরেও তা করল। পাকিস্তানের বিরুদ্ধেই এই ইনিংসটা সবচেয়ে বেশি করে দরকার ছিল। অনেক বছর ধরেই ও চ্যাম্পিয়ন ক্রিকেটার। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে ও অপ্রতিরোধ্য। ৫০ ওভারের ফরম্যাটে বিরাট অবিশ্বাস্য রকমের ভালো। এই ম্যাচেই দেখুন না। কোহলি সেঞ্চুরি করল, ভারতকে জেতাল। পাকিস্তানের কেউ কিন্তু বড় রান পেল না।’
কোরাসে গলা মিলিয়েছেন ইংল্যান্ডের দুই প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন ও নাসের হুসেন। কোহলিকে নিয়ে উচ্ছ্বসিত উভয়েই। এক পডকাস্টে আথারটনের মন্তব্য, ‘এই ঘরানায় রান তাড়ার ক্ষেত্রে কোহলির চেয়ে ভালো ব্যাটসম্যান ক্রিকেট ইতিহাসে নেই। পঞ্চাশ ওভারের ক্রিকেটে ৫১টা শতরান ভাবাই যায় না। এই ইনিংসে ১৪হাজার রানের গণ্ডিও পেরিয়ে গেল ও। সেটাও দ্রুততম ক্রিকেটার হিসেবে। শচীন ও সাঙ্গাকারা ছাড়া যে কীর্তি কারও নেই। বিরাটের কৃতিত্ব হল শচীনের থেকে ৬৩টা ইনিংস কম খেলেছে। আর সাঙ্গাকারাকে ধরলে ৯০টার বেশি ইনিংস কম নিয়েছে। আমার মনে হয়, একদিনের ক্রিকেটেই ওর সেরাটা বেরিয়ে আসে। তবে বিরাট সব ফরম্যাটেই গ্রেট। তার মধ্যেই বাছতে হলে সেরার সেরা হল ওডিআইয়ে।’এই ফরম্যাটে বিরাটকে সর্বকালের সেরা ক্রিকেটার মনে করেন নাসেরও। তাঁর কথায়, ‘পরিসংখ্যান তো চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে একদিনের ক্রিকেটে সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান বিরাটই। এই আলোচনায় অবশ্যই শচীন থাকবে। সাঙ্গাকারা, এবি ডি’ভিলিয়ার্সকেও রাখা হয়। ওরাও গ্রেট। তবে মগডালে বিরাটই রয়েছে। এটা অস্বীকারের কোনও জায়গা নেই।’
Advertisement
সম্পর্কিত সংবাদ