Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শৌচালয় না থাকায় সমস্যা সদর চোপড়ায়, বাড়ছে ক্ষোভ

শৌচালয় না থাকায় সমস্যা সদর চোপড়ায়, বাড়ছে ক্ষোভ
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চোপড়া: শৌচালয়ের সমস্যায় ধুঁকছে সদর চোপড়া। চোপড়ায় একটিও শৌচালয় না থাকায় প্রতিদিন সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের। বাধ্য হয়ে ফাঁকা জায়গা কিংবা অন্যের বাড়িতে গিয়ে শৌচকর্ম সারছেন তাঁরা। শৌচালয় নির্মাণে প্রশাসন কোনও পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহলে। শৌচালয় না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন মহিলারা। গ্রামগঞ্জ থেকে আসা মহিলারা বাধ্য হয়ে স্থানীয়দের বাড়িতে গিয়ে শৌচকর্ম সারছেন। দীর্ঘদিনের এই সমস্যা সমাধান না হওয়ায় বিরক্ত মানুষ। চোপড়া বাসস্টপ, বাজার, গুদরি বাজার, চোপড়া হাট সহ নানা জনবহুল এলাকায় শৌচালয় না থাকায় সমস্যা বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি বরাদ্দে আপাতত যে দু-একটি সুলভ শৌচালয় রয়েছে, সেখানে পরিষেবা পাওয়া যাচ্ছে না। চোপড়া গ্রাম পঞ্চায়েত সূত্রে খবর, সাফাইকর্মীর অভাবে একটি শৌচালয় চালু করা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দা বিপুল রায় বলেন, ব্লকে দীর্ঘদিন ধরে শৌচালয়ের সমস্যা। স্বাভাবিকভাবে মানুষকে যত্রতত্র শৌচকর্ম সারতে হচ্ছে। নিয়মিত চোপড়ায় আসা সমিরুল ইসলাম জানান, কয়েক বছর আগে চোপড়া বিডিও অফিস চত্বরে একটি শৌচালয় তৈরি হলেও সেটি দীর্ঘদিন ধরে বন্ধ। চোপড়া হাট চত্বরে থাকা শৌচালয়টিও কয়েকবছর ধরে বন্ধ। পাবলিক হল লাগোয়া চোপড়া গার্লস স্কুল এলাকায় শৌচালয়যুক্ত প্রতীক্ষালয় প্রায় তিন বছর আগে উদ্বোধন হলেও এখনও সেখানে পরিষেবা মিলছে না বলে অভিযোগ। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান জিয়ারুল রহমান জানান, সাফাইকর্মীর অভাবে শৌচালয়গুলি চালু করা যাচ্ছে না। দ্রুত সমস্যার সমাধান করা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ