সংবাদদাতা, ময়নাগুড়ি: শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার রাস্তা মাত্র চার কিমি। সেই পথ যেতেই ‘নিখোঁজ’ হয়ে গিয়েছে এক দম্পতি। তাঁদের সঙ্গে আছেন এক বছরের কন্যাসন্তান। ২৪ ঘণ্টা পরেও বাড়ি না ফেরায় বধূর পরিবারের সদস্যরা সোমবার রাতে ময়নাগুড়ি থানায় করেন মিসিং ডায়েরি। ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতে। বধূর পরিবারের পক্ষ থেকে করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিস। ওই বধূর পরিবার সূত্রে জানা গিয়েছে, মেয়ের নাম মিতালী রায় সরকার। জামাইয়ের নাম দীপঙ্কর। মিতালীর বাড়িতে অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে স্বামী ও মেয়েকে নিয়ে গিয়েছিলেন মিতালী। গত রবিবার দীপঙ্কর বাইকে স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হন। কিন্তু তাঁরা কেউ বাড়ি ফেরেননি। রবিবার এবং সোমবার সন্ধ্যা পর্যন্ত দুই পরিবারের পক্ষ থেকে পরিচিত সকলের বাড়িতে ফোন করে খোঁজ করা হয়। কিন্তু কোথাও তাঁরা যাননি। এরপর সোমবার রাতে ময়নাগুড়ি থানায় মিতালীর দাদা রবি রায় মিসিং ডায়েরি করেন। এদিকে, দীপঙ্করের বাবা বিজয় সরকার বলেন, তিনবছর আগে ছেলে বিয়ে করে। বউমা একই গ্রামের। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি প্রায় চার কিমি।



