Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিবরাত্রির উৎসবে মাতল হলদিয়ার দুর্গাচক  

শিবরাত্রির উৎসবে মাতল হলদিয়ার দুর্গাচক
 
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হলদিয়া: হলদিয়ার দুর্গাচকে নীলকণ্ঠ ও রাধাকৃষ্ণ মন্দিরের মহা শিব চতুর্দশীর উৎসবে মাতলেন ভক্তরা। দুর্গাচকের প্রিয়ংবদা হাউজিং সংলগ্ন নীলকন্ঠ ও রাধাকৃষ্ণের জোড়া মন্দির প্রাঙ্গণে বুধবার মহিলা ভক্তদের সমাগম হয়। মন্দির কমিটির সভাপতি শত্রুজিৎ দাস, সম্পাদক উত্তম দাসঅধিকারী এবং কোষাধ্যক্ষ শ্যামপদ ভুঁইয়া বলেন, প্রতিবছর নীলকন্ঠ রাধাকৃষ্ণ মন্দিরে উৎসাহ উদ্দীপনার সঙ্গে মহা শিব চতুর্দশী পালিত হয়। এদিন শিবের মাথায় জল ঢালার জন্য মন্দির কমিটির উদ্যোগে বিশাল শোভাযাত্রা হয়েছে। পাতিখালি গঙ্গার ঘাট থেকে শোভাযাত্রা করে কয়েক কিলোমিটার হেঁটে গঙ্গাজল নিয়ে ফেরেন তিন শতাধিক মহিলা ভক্ত। এদিন ভক্তদের নতুন শাড়ি ও ফল বিতরণ করা হয়েছে। রঙিন আলোয় সেজেছে জোড়া মন্দির। সুন্দর করে সাজানো হয়েছে শিবের মূর্তি। ঘটা করে শিবরাত্রি উৎসব উদযাপনের সঙ্গে জোড়া মন্দিরের রাস উৎসবও হলদিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিবছর রাস উৎসবের মহাভোগ প্রসাদ বিতরণের অনুষ্ঠান হয়ে ওঠে মানুষের মহামিলন মেলা। রাস উৎসবে ১৪হাজারের বেশি মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাভোগ প্রসাদ পেয়েছেন। রাস উৎসবে অনুষ্ঠান এবং মেলায় গ্রামীণ লোকসংস্কৃতির নানাদিক তুলে ধরার চেষ্টা করেন উদ্যোক্তারা। শিল্পশহরের প্রাণকেন্দ্রে এই শিবরাত্রি ও রাস উৎসবের মধ্য দিয়ে কুমারচকের বাসিন্দারা তাঁদের হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন। এই রাস উৎসব ও মেলা হলদিয়া শিল্পশহরে হারিয়ে যাওয়া গ্রামগুলির উদ্বাস্তুদের মিলনমেলা হয়ে উঠেছে। স্থানীয় রাধামাধবচকের উদ্বাস্তুরা গ্রামের স্মৃতি জাগিয়ে রাখতে প্রায় ৪০ লক্ষ টাকা খরচে শিব মন্দির ও রাধাকৃষ্ণ মন্দির তৈরি করেছেন।-নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ