সংবাদদাতা, রামপুরহাট: শিবরাত্রি উপলক্ষ্যে সেজে উঠেছে ১০০ ফুটেরও বেশি উচ্চতার ময়ূরেশ্বরের কলেশ্বর কলেশনাথ মন্দির। বসেছে মেলা। আজ বুধবার বীরভূম ছাড়াও লাগোয়া মুর্শিদাবাদ ও বর্ধমানের বহু মানুষের ঠিকানা হয়ে উঠবে এই মন্দির চত্বর। বহু মুনি ঋষির সাধনক্ষেত্র এই কলেশ্বর ধাম। কথিত আছে, ষোলোশো খ্রিস্টাব্দের সময় স্থানীয় ঢেকার রাজা রামজীবন রায় স্বপ্নাদেশ পেয়ে ন’টি চূড়া বিশিষ্ট সুউচ্চ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তিনি নিজেও শিবের উপাসক ছিলেন। রামজীবনবাবু মৃত্যুর পর ক্রমেই ধ্বংসস্তূপে পরিণত হতে শুরু করে মন্দিরটি। পরে বাংলা ১৩৩২ সালে বর্তমান মন্দিরটি নির্মাণ কাজ শুরু করেন দক্ষিণখণ্ডের শ্রীশ্রী দ্বারিকানাথ দেবতপস্বী। বাংলা ১৩৪৭ সালের ২৮ মাঘ, মাঘী পূর্ণিমার দিন কলেশনাথের নতুন শিবমন্দির সুপ্রতিষ্ঠিত হয়। মন্দিরের গর্ভগৃহে রয়েছে কষ্টিপাথরের শিবলিঙ্গ। আজ শিবরাত্রিতে ওই শিবলিঙ্গে জল ঢালতে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের ভিড় করবেন। এই উপলক্ষ্যে বসেছে মেলা। আয়োজন করা হয়েছে নানা লোক সংস্কৃতির অনুষ্ঠানেরও। মন্দির কমিটির সভাপতি সুখদেব মিত্র বলেন, শিবরাত্রি উপলক্ষ্যে গোটা মন্দির আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। ধ্বজা উত্তোলনের পাশাপাশি শুক্রবার ভক্তদের খিচুড়ি প্রসাদ বিলি করা হবে। এদিকে ভিড় সামাল দিতে পুলিসের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রাস্তায় নো-এন্ট্রি ছাড়াও পর্যাপ্ত পুলিস মোতায়েন থাকবে।



