Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শব্দবাজি: তৃণমূলের শহর সভাপতি সহ ৫৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের

শব্দবাজি: তৃণমূলের শহর সভাপতি সহ ৫৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা,বিষ্ণুপুর: নিষিদ্ধ শব্দবাজি ফাটানোয় সোনামুখীতে তৃণমূলের শহর সভাপতি তপনজ্যোতি চট্টোপাধ্যায় সহ তিনটি কালীপুজো কমিটির ৫৩জনের বিরুদ্ধে পুলিস মামলা দায়ের করেছে। শহরের রক্ষাকালী পুজো কমিটি, সার্ভিস কালীপুজো কমিটি এবং হটনগর কালীপুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে ৫ নভেম্বর বিসর্জনের রাতে শব্দবাজি ফাটানোর অভিযোগ আসে। পুলিসের নিষেধ সত্ত্বেও শব্দবাজি ফাটানোয় ওই তিন কমিটির সভাপতি ও অন্য সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোনামুখী পুরসভার চেয়ারম্যান সন্তোষ মুখোপাধ্যায় বলেন, এবার কালীপুজোর বিসর্জনে শব্দবাজি যাতে না ফাটে, সেব্যাপারে বিশেষ জোর দেওয়া হয়েছিল। সেজন্য আগের চেয়ে শব্দবাজি অনেক কম ফেটেছে। দুর্ভাগ্যবশত কিছু যুবক আইন মানেননি। পুলিস আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে মামলা করেছে।
Advertisement
তপনজ্যোতিবাবু ৬ নম্বর ওয়ার্ডের রক্ষাকালী পুজো কমিটির সভাপতি। তিনি বলেন, আমাদের কমিটির কিছু কমবয়সি সদস্য বাজি ফাটিয়েছে। এনিয়ে আমরাও তাদের কাছে কৈফিয়ত তলব করেছিলাম। ওরা ভেবেছিল, শহরের চৌরাস্তায় যেখানে মূল শোভাযাত্রা হয়-শুধু সেখানেই বাজি ফাটানোয় নিষেধাজ্ঞা রয়েছে। সেজন্য ওরা অন্যত্র বাজি ফাটিয়েছে। আমরা আইন মানতে বাধ্য। পরের বছর আমরা কমিটির সমস্ত সদস্যকে আগাম সতর্ক করে দেব। এবার কালীপুজোর বিসর্জনে শব্দবাজি ফাটানো বন্ধ করতে জোর প্রশাসনিক তৎপরতা দেখা গিয়েছিল। পুলিস ও প্রশাসনের আধিকারিকরা এনিয়ে বারবার সমন্বয় কমিটির বৈঠক করেন। বাজি মজুতকারী এক ব্যক্তিকে পুলিস গ্রেপ্তার করে। ফলে এবার কালীপুজোয় শহরে শব্দবাজি কম ফেটেছে। তবে তৃণমূলের শহর সভাপতি তপনজ্যোতি চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বাজি ফাটানোর অভিযোগ ওঠায় এলাকায় গুঞ্জন ছড়িয়েছে। তাঁকে নিয়ে রক্ষাকালী পুজো কমিটির ২৪জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৬ নম্বর ওয়ার্ডেই সার্ভিস কালী পুজো কমিটির সভাপতি সহ ২১জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৩ নম্বর ওয়ার্ডে হটনগর কালীপুজো কমিটির সভাপতি সহ আটজনের বিরুদ্ধে পুলিস মামলা রুজু করেছে।
সম্পর্কিত সংবাদ