সংবাদদাতা, করিমপুর: মাধ্যমিক শেষ হয়েছে। আগামী সোমবার থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ঠিক তার আগে গভীর রাত পর্যন্ত শব্দ তাণ্ডবে অতিষ্ঠ পরীক্ষার্থীরা। প্রতিদিন রাতে করিমপুরের বিভিন্ন অনুষ্ঠান বাড়ির শব্দে পড়াশোনায় ব্যাঘাত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। করিমপুরের বাসিন্দাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও শব্দের এই বেলাগাম তাণ্ডব দেখে বিস্মিত হতে হয়। এমনিতেই ধর্মীয় অনুষ্ঠানে এই শব্দের সমস্যায় পড়তে হয়। তার উপরে এখন মাঘ-ফাল্গুন মাসে লেগে রয়েছে বিয়ে কিংবা অন্যান্য সামাজিক অনুষ্ঠান। মাইক্রোফোনের উৎকট আওয়াজের পাশাপাশি ডিজের বিকট শব্দে সাধারণ মানুষের অসুবিধা যেমন হচ্ছে তেমনি পড়ুয়াদের সমস্যা হচ্ছে। শব্দবাজি রুখতে প্রশাসনকে তৎপর দেখা যায়, অথচ বক্সের এই জোরাল শব্দের ব্যাপারে পুলিস প্রশাসন নিষ্ক্রিয়। এ ব্যাপারে কারও বিরুদ্ধে অভিযোগ বা প্রতিবাদ করলে লাঞ্ছনা বা প্রহারের ভয়ে সাধারণ মানুষদের কেউ কোথাও মুখ খুলছেন না। করিমপুরের লক্ষ্মীপাড়ার বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক দীপক সাহা জানান, বিয়েবাড়ি হোক বা সাংস্কৃতিক অনুষ্ঠান, লাউড স্পিকারের দাপটে কান ঝালাপালা, মাথা ধরে যাচ্ছে। ঘুমের ব্যাঘাত ঘটছে ও অনেকের বুক ধড়ফড় করছে। মাত্রাতিরিক্ত শব্দ দূষণ শিশুদের বেড়ে ওঠার আগেই বধির হওয়ার দিকে ঠেলে দিচ্ছে। তাকে অমনোযোগী ও বিকারগ্রস্ত করে তুলছে। করিমপুরের বাসিন্দা ও স্কুল শিক্ষক দীপক সাহা বলেন, অনুষ্ঠান বাড়িতে দিনের পাশাপাশি গভীর রাত অবধি উচ্চস্বরে গান বাজানো হচ্ছে। দিনের বেলায় সেই আওয়াজে খুব বেশি সমস্যা না হলেও রাতে বৃদ্ধ, অসুস্থ মানুষ, শিশু বিশেষ করে পড়ুয়াদের খুব সমস্যা হচ্ছে। মাঝ রাতে কারও ঘুম ভেঙে গেলে সে আর ঘুমোতে পারছেন না। একজনের আনন্দ যেন অন্যের অসুবিধে না করে, সেটা দেখা দরকার। প্রচণ্ড শব্দে রোগী কিংবা সুস্থ মানুষেরও ক্ষতি হতে পারে। সে কথা মনে রেখে নির্দিষ্ট মাত্রায় গান চালানো উচিত। পুলিস প্রশাসনের নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন। করিমপুর এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বলেন, সোমবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে পর্যন্ত ১৮ মার্চ পর্যন্ত। তার আগে তীব্র শব্দের ব্যাপারে সকলে সচেতন না হলে এই সমস্যা দূর হবে না। জেলার অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ জানান, বিষয়টির দিকে পুলিসের নজর রয়েছে। যে কোনও জায়গায় উচ্চ শব্দে কোনও সমস্যা হলে স্থানীয় থানায় অভিযোগ জানালে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।



