Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিশ ছাড়া ভাঙড়ে থাকতে পারবে না শওকত, তোপ দাগলেন আরাবুল

ভাঙড়ের রাজনৈতিক ময়দানে সক্রিয় হচ্ছেন ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম। দল তাঁকে বহিষ্কার করলেও হাত গুটিয়ে বসে নেই তিনি।

পুলিশ ছাড়া ভাঙড়ে থাকতে পারবে না শওকত, তোপ দাগলেন আরাবুল
  • ২২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ের রাজনৈতিক ময়দানে সক্রিয় হচ্ছেন ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম। দল তাঁকে বহিষ্কার করলেও হাত গুটিয়ে বসে নেই তিনি। বিধানসভা নির্বাচনের আগে পুরোনো মেজাজে ফিরতে মরিয়া আরাবুল। তাই দলীয় কর্মীদের সঙ্গে চা চক্রে যোগ দিয়ে তাঁর ‘প্রতিপক্ষ’ তথা ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি। তাঁর দাবি, ‘পুলিশের ঘেরাটোপে মিটিং-মিছিল করছেন ক্যানিং পূর্বের বিধায়ক। পুলিশের গাড়িতেই এলাকা ছাড়ছেন। আমি বলছি, পুলিশ ছাড়া ভাঙড়ে এক সেকেন্ড থাকতে পারবে না শওকত। মানুষ আর ওকে চাইছে না। তাই জনরোষ তৈরি হচ্ছে। মহিলারা পর্যন্ত তাড়া করছেন। তাই দলের কাছে আবেদন করব, এমন কাউকে দায়িত্ব দেওয়া হোক, যে মানুষের হয়ে কাজ করবে এবং যাকে সামনে রেখে দলীয় কর্মীরা লড়াইয়ে উৎসাহ পাবে।’

Advertisement

শওকতকে ভাঙড়ের পর্যবেক্ষক হিসেবে মানতে নারাজ আরাবুল। তাঁর প্রশ্ন, ‘কীসের অবজার্ভার! কোনও কাগজ দেখাতে পারবেন কি?’ শুধু শওকতকে আক্রমণ করেই থেমে যাননি আরাবুল। আগামী দিনে নতুন করে জনসংযোগের কাজ শুরু করবেন বলে ঘোষণা করেছেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, দলকে আরও শক্তিশালী করতে মাঠে নেমে কাজ শুরু করতে হবে। তিনি সরকারিভাবে বহিষ্কৃত। তাই তাঁর ছেলে হাকিমুল ইসলামের নেতৃত্বে চলবে জনসংযোগ। যদিও আরাবুলের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ শওকত।  তাঁর বক্তব্য, ‘ও নিজেই বহিষ্কৃত। ওর কথার কোনও উত্তর দিতে রুচিতে বাধে। রবিবার আমাদের জনসভা আছে। সেখানে ভাঙড় থেকেই ৩০-৪০  হাজার কর্মী আসবেন। তাই আরাবুলের কথার কোনও প্রভাব পড়বে না। ভোটের আগে বাজার গরম করার চেষ্টা করছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ