বৈভবকে শুরুতে চান শাস্ত্রী
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়েলিংটন: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ঠিকানা ছিল ডাগ আউট। নিউজিল্যান্ডে সিরিজের প্রথম ম্যাচেও এগারোর বাইরে। ঈশান কিষানের চোট দ্বিতীয় ম্যাচে সুযোগ আনে খেলার। কিন্তু তিন নম্বরে নেমে আসেনি রান। মঙ্গলবার অবশ্য ওপেনিংয়ে ফেরানো হয় বৈভব সূর্যবংশীকে। আর বিধ্বংসী ইনিংসে নিজের প্রতিভার সাক্ষর রাখে ১৫ বছর বয়সি। অভিষেক শর্মার সঙ্গে বৈভবের ওপেনিং জুটিতে ঝড়ের গতিতে ৭.১ ওভারে ওঠে ১৩৩। এরপরই সোশ্যাল মিডিয়ায় বৈভবকে আগামী ম্যাচগুলিতেও ওপেন করানোর দাবি ওঠে। ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও তাই চান। তাঁর মতে, ‘বৈভবকে ওপেন করতে দেখে ভালো লাগল। সবসময় ওপেনিংই করে এসেছে, ও সহজাত ওপেনার। কখনওই তিন নম্বরে নামেনি। পাওয়ার প্লে’তে ওর ব্যাটিং দেখে রোমাঞ্চ হচ্ছিল। প্রথম ওভারে জেকব ডাফির কী অবস্থা করেছিল ভাবুন তো! ভয়ডরহীন হাবভাব ও আক্রমণাত্মক মানসিকতাই বৈভবকে এত আকর্ষণীয় করে তুলেছে।’ ঈশান সুস্থ হয়ে ফিরলে প্রথম এগারো কী দাঁড়ায়, সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।

Advertisement