নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কথায় আছে, বাঙালির ‘বারো মাসে তেরো পার্বণ’। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বাংলাজুড়ে তার প্রস্তুতি তুঙ্গে। শ্রেষ্ঠ উৎসবের আগেই শহরে বইপ্রেমীদের জন্য শুরু হতে চলেছে ‘শারদ বই পার্বণ’। গত বছরের মতো এবারও আগামী ৩০ আগস্ট থেকে রবীন্দ্রসদন, নন্দন, বাংলা আকাদেমি প্রাঙ্গণে শুরু হবে ওই পার্বণ। এবছর একদিন বাড়ানো হয়েছে। গত বছর ৬ সেপ্টেম্বর পর্যন্ত চললেও এবার আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই পার্বণের আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সহযোগিতায় রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। গিল্ডের দাবি, এখানে ছাড়ের কোনও লিমিট নেই। প্রকাশকরা নিজেদের মতো ছাড় দিতে পারবেন। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ১০ শতাংশ ছাড় মেলে। তবে, ছাড় কম হলেও একসঙ্গে এক হাজার বইয়ের স্টল আর কোনও বইমেলায় থাকে না। ফলে, ছাড়ের চেয়ে সংগ্রহের দিকেই বেশি নজর দেন বইপ্রেমীরা। তবে, বছরের বাকি দিনগুলিকে কলেজ স্ট্রিট বইপাড়ায় দরাদরি চলে। ১৫ আগস্টের সময় বিভিন্ন প্রকাশনী নিজেদের মতো ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়। বই পার্বণে প্রায় ৬০টির বেশি স্টল থাকে। সেখানেও বেশিরভাগ প্রকাশনী ২৫ শতাংশের উপর ছাড় দেয়। নির্বাচিত বইয়ের ক্ষেত্রে তা ৬০-৭০ শতাংশ পর্যন্তও থাকে। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, এই পার্বণে ছাড়ের কোনও বিধি নেই। প্রকাশনা সংস্থাগুলি পাঠকদের জন্য যত খুশি ছাড় দিতে পারবেন।



