Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিপুর পুরসভার স্বাস্থ্যকেন্দ্র পরিষেবার নিরিখে রা‌জ্যে চতুর্থ

শান্তিপুর পুরসভার স্বাস্থ্যকেন্দ্র পরিষেবার নিরিখে রা‌জ্যে চতুর্থ
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: শান্তিপুর তথা নদীয়া জেলার মুকুটে নয়া শিরোপা। উন্নত স্বাস্থ্য পরিষেবার জন্য রাজ্যের তিন শতাধিক আর্বান প্রাইমারি হেলথ সেন্টারের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে শান্তিপুর পুরসভার ইউপিএইচসি ৩। যা নদীয়া জেলার নিরিখে আবার প্রথম। সবমিলিয়ে ছয়টি পয়েন্টে স্বাস্থ্য কেন্দ্রটির সংগৃহীত স্কোর ৯৫ শতাংশ। শান্তিপুরের আগে থাকা তিনটি স্বাস্থ্যকেন্দ্রই কলকাতার। ফলে রাজ্যের তাবর তাবড় পুরসভাকে পিছনে ফেলে রাজধানী শহরের স্বাস্থ্যকেন্দ্রগুলির সঙ্গে এক সারিতে বসেছে রাজ্যের অন্যতম প্রাচীন পুরসভার এই স্বাস্থ্যকেন্দ্র।

Advertisement

প্রতিবছর ‘কায়াকল্প’ শীর্ষক পর্যালোচনার মাধ্যমে রাজ্যের শহুরে স্বাস্থ্যকেন্দ্রগুলির সামগ্রিক পরিকাঠামো এবং পরিষেবা পর্যালোচনা হয়। ২০২৪-২৫ সালের সেই পর্যালোচনার ফল প্রকাশ করেছে রাজ্য সরকার। বিভিন্ন পুর স্বাস্থ্যকেন্দ্রের পানীয় জল, স্যানিটাইজেশন, জনস্বাস্থ্য, স্বচ্ছতা, পরিবেশ পরিচ্ছন্নতা, ওপিডি পরিষেবার মত একাধিক বিষয়ে আনা হয়েছিল পর্যালোচনার আওতায়। তাতে ৭০ শতাংশের উপরে স্কোর করেছে রাজ্যের ৩২৭টি স্বাস্থ্যকেন্দ্র। ক্রমতালিকায় দেখা গিয়েছে, ৯৬.৭ শতাংশ স্কোর করে প্রথম হয়েছে কলকাতা পুরসভার সূর্য সেন স্ট্রিট (মধ্য কলকাতা) আরবান প্রাইমারি হেলথ সেন্টার বা ইউপিএইচসি ৪০। ৯৫ শতাংশ নম্বর পেয়ে দক্ষিণ কলকাতার ইউপিএইচসি১৪৪-এর সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থান অর্জন করেছে শান্তিপুর পুরসভার ইউপিএইচসি৩ কেন্দ্রটি। যা রাজধানী শহর থেকে বহু দূরেও উন্নত স্বাস্থ্যপরিকাঠামোর উদাহরণ হিসেবে উঠে এসেছে। শুধু তাই নয়, নদীয়া জেলার ১৭টি পুর স্বাস্থ্যকেন্দ্রর নিরিখে শান্তিপুরের এই পুর স্বাস্থ্যকেন্দ্রটি অর্জন করেছে প্রথম স্থান। 
শান্তিপুর পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতেই তৈরি হয়েছিল ইউপিএইচসিগুলি।সেই কাজ সঠিক ভাবে করতে পারার ফলই কায়াকল্প পর্যালোচনায় এই সাফল্য। বিষয়টি নিয়ে শান্তিপুর পুরসভার চেয়ারম্যান পারিষদ (স্বাস্থ্য) শুভজিৎ দে বলেন, প্রায় পাঁচ থেকে ছ’টি বিষয়ে এই পর্যালোচনা হয়েছিল। আমরা উন্নত পরিষেবা পৌঁছেছি শহরের মানুষের কাছে। তার হাতেনাতে প্রমাণ মিলছে রাজ্য সরকারের পর্যালোচনায়। কলকাতা পুরসভার একাধিক স্বাস্থ্যকেন্দ্রকে টেক্কা দিতে যেমন পেরেছি, তেমনই আরও তাবড় তাবড় পুরসভাকে পিছনে ফেলে আমরা রাজ্যে চতুর্থ এবং নদীয়ায় প্রথম হয়েছি। এটা অনেক বড় সাফল্য। 
শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, নদীয়া জেলার ১৭টি স্বাস্থ্যকেন্দ্র এই পর্যালোচনায় ৭০ শতাংশের উপরে স্কোর করেছে। আমরা তাতে সর্বোচ্চ ৯৫ শতাংশ পেয়েছি। আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলি এতটাই উন্নত পরিকাঠাময় গড়ে তোলা হয়েছে যে, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের উপরে অনেক চাপ কমেছে। শহরের অলিগলি থেকে মানুষ আসেন এবং তাঁদের উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় ইউপিএইচসিগুলি থেকে। রাজ্যের অন্যতম প্রাচীন পুরসভার কাছে এই ফলাফল অনেক বড় সাফল্যের। আমরা এই ধারা অব্যাহত রেখে জনসেবা করে যেতে চাই।

Advertisement
সম্পর্কিত সংবাদ