নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিশনারি শিক্ষা সংগঠনগুলির বিরুদ্ধে আচমকাই হুঁশিয়ারি জারি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ধর্মান্তরকরণ করার কাজ হচ্ছে বিভিন্ন জায়গায়, তা বন্ধ না হলে রেয়াত করা হবে না বলে কার্যত হুমকি দিয়েছেন তিনি। তবে এ সংক্রান্ত নির্দিষ্ট কোনো প্রমাণ সামনে আনেননি। রবিবার দক্ষিণ কলকাতার এক অনুষ্ঠানমঞ্চ থেকে তাঁর অভিযোগ ছিল, কলকাতার একটি স্কুলে ধর্মীয় বৈষম্যের ঘটনা ঘটেছে (স্কুলটির নাম তিনি জানাননি)। শুধু বলেছেন,‘বিজেপির এক তরুণী কর্মীকে দলের সভায় দেখা যাওয়ার কারণে তাঁর স্কুলের এক শিক্ষক তাঁকে কটাক্ষ করেছিলেন। বলেছিলেন, গেরুয়া শাড়ি পরে স্কুলে আসা যাবে না।’ এই ঘটনা উল্লেখ করে শমীকের বক্তব্য, ‘ব্রিটিশরা দেশ ছেড়ে চলে গিয়েছে। ৭৫ বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু মানসিকতা এখনও বদলায়নি।’ ওই স্কুল কর্তৃপক্ষের রং ও ধর্মীয় বৈষম্যকে ‘দেশদ্রোহিতা’র পর্যায়ে ফেলেছেন বঙ্গ বিজেপির সভাপতি। এই পর্বে তাঁর হুঁশিয়ারি—এরকম চলতে থাকলে, স্কুল বন্ধ করে দেওয়া হবে।
বিজেপির শীর্ষ নেতার এই মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে রাজ্যে। তাঁর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শমীকবাবুকে সোমবার চিঠি লিখেছেন বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবার রাজ্য সম্পাদক হেরোদ মল্লিক। তাঁর দাবি, কোথায় কোন স্কুলে এ ঘটনা ঘটেছে এবং কে ঘটিয়েছেন, তার প্রমাণ জনসমক্ষে আনা হোক। পাশাপাশি ধর্মান্তকরণ নিয়ে স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা হোক। রবিবারের অনুষ্ঠান মঞ্চে কলকাতার ওই স্কুলের বিরুদ্ধে ধর্মীয় বৈষম্যের অভিযোগ আনার সময় বিষয়টি ‘ক্যানিংবাবু’কে (কলকাতার বিশপ রেভারেন্ড পরিতোষ ক্যানিং) দেখার জন্য অনুরোধ করেছিলেন শমীকবাবু। এদিনই আবার বাসন্তী, সুভাষগ্রাম, কৃষ্ণনগর, রায়না, হরিশচন্দ্রপুর, পূর্ব মেদিনীপুর ও উলুবেড়িয়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ও তাঁদের উপাসনালয়ে ক্রমবর্ধমান হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ প্রার্থনা করে বিবৃতি দিয়েছেন কলকাতার বিশপ।
দক্ষিণ কলকাতার ওই অনুষ্ঠানে দেশদ্রোহিতার দিকে ইঙ্গিত করে শমীক বলেন, ‘যদি ভাবেন ধর্মান্তরকরণ বন্ধ হয়ে গিয়েছে, ভুল ভাবছেন। তা এখনও হচ্ছে। মিশনারি প্রতিষ্ঠানগুলি স্বেচ্ছায় খ্রিস্ট ধর্ম প্রচার করলে কারও আপত্তি নেই। কিন্তু প্রলোভন দেখিয়ে, জোর করে যদি হিন্দুভাবধারার বিরুদ্ধে গিয়ে ধর্মান্তকরণ হয়, তবে ওই স্কুলের পরিচালকদের রেয়াত করা হবে না।’



