দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি; বঙ্গ বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্যে ক্রমেই দলের অন্দরে ক্ষোভ বাড়ছে। বিষয়টি বিলক্ষণ টের পাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এমন প্রেক্ষাপটে নেতাজিকে নিয়ে দলেরই সাংসদের বিতর্কিত মন্তব্যে বিজেপি সম্পর্কে যদি বারবার ভুল বার্তা যেতে থাকে, তাহলে যে বিপদ বাড়বে, তা দিব্যি বুঝতে পারছেন শীর্ষ নেতারা। এই প্রেক্ষিতে তাই বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন, এহেন মন্তব্য দল কোনোমতেই সমর্থন করছে না।
সোমবার সংসদ ভবন চত্বরে শমীকবাবু ‘বর্তমান’কে বলেছেন, ‘নেতাজি নেতার নেতা। তিনি ভারতাত্মার প্রতীক। তাঁর কালোত্তীর্ণ সত্তা ভারতবাসীর হৃদয়ে আজীবনের জন্য প্রতিষ্ঠিত হয়ে রয়েছে।’ এপ্রসঙ্গে এদিন কংগ্রেসকেও একহাত নিয়েছেন শমীকবাবু। তিনি বলেন, ‘কংগ্রেস যদি তাঁকে গুরুত্বহীন করে না দিত, তাহলে আজ হয়ত দেশের রাজনীতি অন্য খাতে বইতো। হয়ত দেশভাগই হতো না।’ সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য প্রসঙ্গে সরাসরি দলীয় এমপির নাম উচ্চারণ করেননি শমীকবাবু। শুধু বলেছেন, ‘সবকিছুর উপরই কড়া নজর রাখছে দল।’
দলীয় সূত্রে দাবি করা হয়েছে, সাংসদ অনন্ত মহারাজের কাছে তাঁর মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হতে পারে। জবাব সন্তোষজনক না হলে আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। রাজনৈতিক সূত্রে জানানো হয়েছে, দলের একটি বড়ো অংশই অবিলম্বে এব্যাপারে ব্যবস্থা গ্রহণের পক্ষপাতী। ঘটনাচক্রে সোমবার বিকালেই শমীকবাবুর সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে বিজেপির অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত দলের কেন্দ্রীয় নেতা সুনীল বনসলের। সেখানেও এবিষয় নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে।