বিশেষ সংবাদদাতা, ইটানগর: প্রস্তাবিত ১১,২০০ মেগাওয়াটের সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট ঘিরে অরুণাচল প্রদেশে বিক্ষোভ চলছে। এই আবহে এবার আসরে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্ষেত্রে স্থানীয়দের দেশের মধ্যে সর্বাধিক পুনর্বাসন প্যাকেজের প্রতিশ্রুতি দিলেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করে দিলেন, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে আলোচনা ও মতবিনিময় ছাড়া এই প্রকল্প নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না।
শনিবার অরুণাচলের বান্দেরদেওয়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রেসিডেন্টস পুলিশ কালার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিয়াং প্রকল্প নিয়ে স্থানীয়দের উদ্বেগের কথা স্বীকার করেন শাহ। তিনি বলেন, প্রকল্পের বিষয়ে ইতিবাচক আলোচনা ও পরামর্শের মাধ্যমেই এগোতে চায় কেন্দ্র। এব্যাপারে তাঁর আশ্বাস, আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাই উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
শাহের কথায়, সিয়াং প্রকল্প দেশের উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন এবং অরুণাচলের রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পাশাপাশি জাতীয় নিরাপত্তার দিক থেকেও প্রকল্পের বিশেষ কৌশলগত গুরুত্ব রয়েছে। তবে উন্নয়নের পাশাপাশি স্থানীয় মানুষের সাংস্কৃতিক পরিচয়, ঐতিহ্য ও পরম্পরার প্রতিও সরকার সমান দায়বদ্ধ।
উল্লেখ্য, ১১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই প্রকল্প ঘিরে দীর্ঘদিন ধরেই সিয়াং অঞ্চলে অসন্তোষ বাড়ছে। আদি জনজাতি সংগঠন সহ একাধিক স্থানীয় সংগঠন ও স্থানীয়রা প্রকল্পের বিরোধিতায় সরব। এই বিক্ষোভ অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। জ্বালিয়ে দেওয়া হয়েছিল বিজেপি বিধায়কের আবাসন, সরকারি দপ্তর। বিক্ষোভকারীদের আশঙ্কা, বাঁধ নির্মাণ হলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হতে পারে। জীবিকা হারাবেন স্থানীয়রা। বহু মানুষকে ভিটেমাটি ছাড়তে হতে পারে। পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয়ও বিপন্ন হতে পারে।
এব্যাপারে শাহর আশ্বাস, ‘আপনারা যেমন নিজেদের সংস্কৃতিকে সম্মান করেন, আমরাও আপনাদের পরিচয় ও সংস্কৃতিকে সম্মান করি। কোনও রকম আপস ছাড়াই সিয়াংয়ের মানুষকে দেশের সর্বোচ্চ পুনর্বাসন প্যাকেজ দেওয়া হবে।’ প্রস্তাবিত প্রকল্প নিয়ে স্থানীয় বাসিন্দাদের রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসার আরজিও জানান তিনি।



