Bartaman Logo
১০ জুন, ২০২৬

মাওবাদীদের ‘ভাই’ সম্বোধন করে মূলস্রোতে ফেরার আহ্বান শাহের

মাওবাদীদের ‘ভাই’ সম্বোধন করে মূলস্রোতে ফেরার আহ্বান শাহের
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দান্তেওয়াড়া: ছত্তিশগড় সফরে এসে ফের মাওবাদীদের অস্ত্রত্যাগের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার দান্তেওয়াড়ায় এসে মাওবাদীদের ‘ভাই’ বলে সম্বোধন করে শাহ বলেন, ‘বস্তারে গুলি, বোমা বিস্ফোরণের দিন চলে গিয়েছে। সব মাওবাদী ভাইদের কাছে আমি আবেদন করছি যে, অস্ত্র ত্যাগ করে মূলস্রোতে যোগ দিন। আপনারও আমাদেরই একজনই। কোনও মাওবাদী মারা গেলে, কেউ খুশি হয় না।’ একইসঙ্গে এদিন শাহ জানান, আগামী বছর চৈত্র নবরাত্রির মধ্যে পুরো বস্তার মাওবাদী মুক্ত হয়ে যাবে। উগ্র বামপন্থা মুছে ফেলতে কেন্দ্র সব রকম ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি। শাহ এদিন জানান, যে গ্রাম নিজেদের মাওবাদী মুক্ত ঘোষণা করেব, সেই গ্রামে ১ কোটি টাকা উন্নয়নের জন্য দেওয়া হবে। তাই গ্রামের সব মাওবাদীদের আত্মসমর্পণ করতে বলুন।’ এদিকে, এদিনই ছত্তিশগড়ের ৮৬ জন মাওবাদী তেলেঙ্গানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। এদের চারজন এরিয়া কমান্ডারও রয়েছে। ওই চারজনের প্রত্যেকের মাথার দাম চার লক্ষ টাকা করে ধার্য ছিল। তেলেঙ্গানা পুলিস জানিয়েছে, ওই মাওবাদীরা মাল্টি জোন-১ এর আইজি এস চন্দ্রশেখর রেড্ডির কাছে আত্মসমর্পণ করে। 

Advertisement

এদিন দান্তেওয়াড়ার বস্তার পান্দুম উত্সবের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেন শাহ। সেখানে তিনি বলেন, ‘বস্তার আর মাওবাদের জন্য নয়, আদিবাসীদের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়নের জন্য পরিচিত হবে। যে বস্তারে ভগবান রাম তাঁর বনবাস জীবনের বড়ো অংশ কাটিয়েছেন, সেই বস্তার এবার শান্তির পথে চলবে।’ বস্তার পান্দুম উত্সবে এবার মোট সাতটি রাজ্যের প্রায় ২৭ হাজার তরুণ অংশ নিয়েছিলেন। প্রায় একমাসের উত্সবে আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্য মেনে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই। তিনি জানান, সম্প্রতি ‘বস্তার ওলিম্পিক্স’ আয়োজন করা হয়েছিল। যাতে ১ কোটি ৬৫ লক্ষ তরুণ অংশগ্রহণ করে। আর এখন বস্তার পান্দুম প্রমাণ করে দিল এখানকার মানুষ মাওবাদ ভুলে উন্নয়নের সঙ্গে যুক্ত হতে চাইছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ