সংবাদদাতা, ডোমকল: গোপন সূত্রে আগেই খবর ছিল। সেই মোতাবেক লুকিয়ে নজর রাখছিল বিএসএফ ও পুলিসের টিম। মাঝরাতে মাথায় বস্তা নিয়ে সীমান্তের দিকে দুজনকে যেতে দেখে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ চালায় তারা। বস্তায় মেলে নিষিদ্ধ কাশির সিরাপ। বুধবার শেষ রাতে সাগরপাড়ার সিংপাড়া থেকে ঠিক এভাবেই ৭৪১ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ সহ দু’জনকে পাকড়াও করল সাগরপাড়া থানা পুলিস ও বিএসএফের যৌথটিম। ধৃতদের নাম ইয়াসিন মণ্ডল ও চাহার মণ্ডল। তাদের বাড়ি সাগরপাড়া থানা এলাকাতেই। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিসি হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার মাদক সংক্রান্ত বিশেষ আদালতে তোলা হবে।
Advertisement
বিএসএফ ও পুলিস সূত্রে জানা গিয়েছে, সোর্স ইনপুটে তাঁদের কাছে খবর আসে বুধবার শেষ রাতে সাগরপাড়ার সিংপাড়া এলাকা দিয়ে নিষিদ্ধ কাশির সিরাপ পাচার হবে। ওই খবর পাওয়া মাত্রই ১৪৬ ব্যাটেলিয়নের খাসমহল ক্যাম্পের জওয়ান ও সাগরপাড়া থানার পুলিসের একটি টিম যৌথভাবে ওই এলাকায় গোপনে নজরদারি শুরু করে। বুধবার শেষ রাতে দুই ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। উত্তরে অসঙ্গতি মেলায় বস্তার খুলে কাশির সিরাপের বোতল দেখতে পাওয়া যায়। এরপরই ধৃতদের আটকে করে থানায় নিয়ে আনা হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে সাগরপাড়া থানার পুলিস।



