সংবাদদাতা, ডোমকল: জমি বিবাদের জেরে সাগরপাড়ায় ধারালো অস্ত্রের কোপে একজন জখম হলেন। শুক্রবার সকালে সাগরপাড়ার ধনীরামপুরের কান্দিপাড়ায় এঘটনায় চাঞ্চল্য ছড়ায়। গুরুতর জখম ওই যুবককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে চম্পট দিয়েছে। পুলিস জানিয়েছে, শরিকি জমি নিয়ে কান্দিপাড়ার নাহারুল ইসলাম ও ওবায়দুল ইসলামের সঙ্গে ইমরান আলি ও আমজাদ আলির বহুদিন ধরে বিবাদ চলছে। অভিযোগ, শুক্রবার সকালে ওবায়দুলের ছেলে রবিউল শেখ এবং তাঁর কাকা নাহারুল ইসলাম একটি জমি ঘেরার কাজ করছিল। সেসময় দু’পক্ষের মধ্যে ঝামেলা বাধে। অভিযোগ, তখন অতর্কিতে ইমরান ও আমজাদ ধারালো অস্ত্র, লোহার রড নিয়ে রবিউলদের উপর চড়াও হয়। রবিউল ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। নাহারুল ও তাঁর স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা রবিউলকে প্রথমে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইমরান, আমজাদ ও তাদের পরিবারের লোকজন এলাকা ছেড়ে চম্পট দিয়েছে। তাদের বাড়িও তালাবন্ধ রয়েছে।
Advertisement
নাহারুল ইসলাম বলেন, ওরা আমাদের মারধরের পাশাপাশি আমার ভাইপোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। ঘরে থাকা টাকা নিয়েও চম্পট দিয়েছে। পুলিস জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।



