সংবাদদাতা, ডোমকল: সাগরপাড়ার খয়রামারিতে কুকুরকে বাঁচাতে গিয়ে রাস্তায় ছিটকে পড়ে বাইক চালকের মৃত্যু হল। মৃত ইব্রাহিম মণ্ডলের(২৩) বাড়ি সাগরপাড়ারই চক হরেকৃষ্ণপুরে। শুক্রবার রাতে এই দুর্ঘটনায় আরও একজন জখম হয়েছেন। তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
Advertisement
পুলিস জানিয়েছে, শুক্রবার রাতে বাইকে সাগরপাড়া থেকে ডোমকলের দিকে যাচ্ছিলেন ইব্রাহিম ও তাঁর বন্ধু বাপি শেখ। খয়রামারির হালদারপাড়ায় আসতেই হঠাৎ বাইকের সামনে একটি কুকুর চলে আসে। কুকুরটিকে বাঁচাতে ইব্রাহিম সজোরে ব্রেক কষেন। কিন্তু বাইকের গতি বেশি থাকায় দু’জনই ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাঁদের ডোমকল সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। কিন্তু পথেই ইব্রাহিমের মৃত্যু হয়। বাপি আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যালে চিকিৎসাধীন। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।



