সংবাদদাতা, ডোমকল: সাগরপাড়ায় আমবাগানে ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়াল। শনিবার সকালে সাগরপাড়ার সাহেবনগর হাটের পিছনের একটি আমবাগানে বোমাগুলি পড়ে থাকতে দেখা যায়। পুলিস ঘটনাস্থল ঘিরে রেখে বম্ব স্কোয়াডকে খবর দেয়।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাগানের দিকে যাওয়ার সময় কয়েকজন ঝোঁপের মধ্যে একটি ব্যাগ দেখতে পায়। ঝোঁপের মধ্যে নতুন ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। কাছে যেতেই ব্যাগের ভিতরে বোমাগুলি দেখতে পাওয়া যায়। খবর পেয়ে সাগরপাড়া থানা পুলিস আসে। পুলিস ওই এলাকা ঘিরে রাখে। পাশপাশি বম্ব স্কোয়াডকে খবর দেয়। তবে ব্যাগে কতগুলি বোমা আছে তা জানা যায়নি। তবে পাড়ার আমবাগানে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ওই বাগানে ছেলেমেয়েরা খেলা করে। ছেলেমেয়েদের বাইরে যেতে দিতেই ভয় করছে।



