সংবাদদাতা, ডোমকল: শুক্রবার সাগরপাড়ায় ফের আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম আমির শেখ। তার বাড়ি সাগরপাড়ার সাহেবনগরে। এদিন ভোরে সাগরপাড়ার সাহেবনগর পাঁঠাপাড়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, খবর পাওয়া যায় পাঁঠাপাড়া কালভার্টের কাছে আগ্নেয়াস্ত্রের হাতবদল হবে। খবর পাওয়া মাত্রই সেখানে হানা দেয় আমাদের একটি টিম। সেইমতো পুলিস ওত পেতে থাকে। ভোরে কালভার্টের দিকে তারা একজনকে এগিয়ে আসতে দেখে। সন্দেহ হওয়ায় তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথায় অসঙ্গতি ধরা পড়ে। তল্লাশি চালাতেই আগ্নেয়াস্ত্রটি পাওয়া যায়। তারপরই তাকে গ্রেপ্তার করা হয়। আর কারা এই কারবারের সঙ্গে জড়িয়ে আছে, তা পুলিস খতিয়ে দেখছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরেও ঠিক একই কায়দায় সাগরপাড়ার দেবীপুরে আগ্নেয়াস্ত্র সহ একজনকে পুলিস গ্রেপ্তার করে। সীমান্তের থানা এলাকায় এভাবে লাগাতার অস্ত্র উদ্ধার ঘিরে উদ্বিগ্ন বাসিন্দারা।



